আইএসএলের আগে আক্রমণভাগে বড় সংযোজন, ইস্টবেঙ্গলে স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজেজ্জারি

আইএসএলের আগে আক্রমণভাগ মজবুত করতে স্পেনের সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজ়েজ্জারিকে দলে নিল ইস্টবেঙ্গল। গোলের আশা নতুন বিদেশি স্ট্রাইকারকে ঘিরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইএসএল শুরুর আগে দলকে আরও ধারালো করতে বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। আক্রমণভাগের দুর্বলতা কাটাতে স্পেনের অভিজ্ঞ সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজ়েজ্জারিকে দলে ভেড়াল লাল-হলুদ শিবির। একাধিক এশিয়ান ক্লাবে খেলার অভিজ্ঞতা থাকা এই স্ট্রাইকারকে ঘিরেই নতুন মরশুমে গোলের আশা দেখছে ইস্টবেঙ্গল সমর্থকরা।

৩২ বছরের ইউসেফ এজ়েজ্জারিকে পঞ্চম বিদেশি হিসেবে সই করিয়েছে ইস্টবেঙ্গল। দুই স্ট্রাইকার হামিদ আহদাদ এবং হিরোশি ইবুসুকিকে ছেড়ে দেওয়ার পরই আক্রমণভাগে নতুন মুখ খোঁজার সিদ্ধান্ত নেয় ক্লাব। সেই প্রয়োজন মেটাতেই স্প্যানিশ ফরোয়ার্ডকে দলে টানা হয়েছে।

লাল-হলুদ জার্সিতে ৯ নম্বর পরে খেলবেন ইউসেফ। বক্সের ভিতরে তাঁর উপস্থিতি ও হেডের দক্ষতা দলকে বাড়তি শক্তি দেবে বলেই মনে করছে ক্লাব। ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো জানিয়েছেন, ইউসেফ পরীক্ষিত ফুটবলার এবং গোল করার ক্ষমতাই তাঁকে দলের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ক্লাব কোচ অস্কার ব্রুজ়োও নতুন স্ট্রাইকারকে দলে পেয়ে সন্তুষ্ট। তাঁর মতে, ইউসেফ দলের কৌশলগত সংযোজন এবং তাঁর উপস্থিতিতে আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। গোল করে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে পারবেন বলেই আশা করছেন কোচ।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত ইউসেফ নিজেও। তাঁর কথায়, ইস্টবেঙ্গলের ঐতিহ্য, সমর্থকদের আবেগ এবং দলের লক্ষ্য তাঁকে আকৃষ্ট করেছে। তিনি জানিয়েছেন, গোল করাই তাঁর প্রধান লক্ষ্য এবং দলের জন্য নিজের সবটা উজাড় করে দিতে প্রস্তুত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত