নজরবন্দি ব্যুরোঃ বিয়ে ভাঙছে দুর্নিবার সাহার? টলিপাড়ায় খবর, নতুন প্রেমে পড়েছেন দুর্নিবার। আর সেকারণেই নাকি অশান্তি। ইদানীং দুর্নিবার-মীনাক্ষির দাম্পত্যকলহ চরমে। শোনা যাচ্ছে, এখন তা এমন জায়গায় পৌঁছেছে যে, বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন মীনাক্ষি। সূত্রের খবর, নতুন সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার। তার জেরেই এই পরিস্থিতি।
আরও পড়ুনঃ মন্ত্রী মনোজের দুর্দান্ত শতরান, রঞ্জিতে সেমিফাইনালে বাংলা
দেবলীনা-তথাগত, সোহিনী-রণজয়, অনুপম-পিয়ার পর বিচ্ছেদের পথে টলিপাড়ার আরও এক জুটি। শোনা যাচ্ছে, গায়ক দুর্নিবার সাহা (Durnibar Saha) ও মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) দাম্পত্য, কলহের জেরে তলানিতে গিয়ে পৌঁছেছে। তাঁদের সম্পর্ক এখন এতটাই তিক্ত যে তাঁরা আর একসঙ্গে থাকতে চাইছেন না। অশান্তির জেরে ইতিমধ্যেই ঘর ছেড়েছেন মীনাক্ষি। দুর্নিবারের থেকে আলাদা থাকতে শুরু করেছেন তিনি।

একসঙ্গে কাজের সূত্রে আলাপ দু’জনের। ২০১৭-য় আইনি বিয়ে। ২০২১-এ ঢাক-ঢোল পিটিয়ে সামাজিক বিয়েটাও সেরে ফেলেন । বিয়ের দিন মীনাক্ষি পরেছিলেন লাল বেনারসি, দুর্নিবার ধুতি-পাঞ্জাবি। আইবুড়ো ভাত, সঙ্গীত, মেহেন্দি, বৌভাত সবই হয়েছিল নিয়ম মেনে। বিয়ের ভোজে মেনুও ছিল বেশ লম্বা। জুটিকে ‘মেড ফর ইচ আদার’ বলেছিলেন অনেকেই।
একটা সময় কর্তাকে ফোন করলে হয় বেজে যেত, কিংবা ফোন ধরতেন গিন্নি। তারপর মন্দ কাটছিল না তাঁদের। তবে সে সুখের স্বর্গে ফাটল ধরেছে। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই এমন কী হল যে, ভাঙনের গল্প শোনা যাচ্ছে। বিচ্ছেদ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না তাঁরা?
বিচ্ছেদের পথে দুর্নিবার-মীনাক্ষির দাম্পত্য, কারন কি শুধুই পরকীয়া?

মীনাক্ষির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনও কথা বলব না।’ ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল দুর্নিবারের সঙ্গেও। তাঁর ফোন বেজে যায়। গানের জগতে খুব কম সময়েই পরিচিতি পেয়েছেন দুর্নিবার। তাঁর ইউটিউব চ্যানেলও জনপ্রিয়তা পেয়েছে যথেষ্টই। ইমন চক্রবর্তী, জয়তী চক্রবর্তীর সঙ্গে তাঁর গান প্রশংসিত হয়েছে। সে সবের মধ্যেই ব্যক্তিগত জীবনে এই ছন্দপতন।



