উৎসবপ্রেমী বাঙালির কাছে দুর্গা পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের মিলনমেলা। দুর্গা পুজো (Durga Puja) আসলেই দেবী দুর্গার অসুর বধের কাহিনির স্মারক। প্রতি বছর আশ্বিন মাসে দেবী দুর্গাকে স্বাগত জানানোর মধ্যে দিয়ে শুরু হয় মঙ্গলের আরাধনা। বিশ্বাস করা হয়, মহালয়ার দিনেই দেবী পৃথিবীতে আগমন করেন, আর মহাষষ্ঠী থেকে শুরু হয় পূজা উদযাপন।
পুরাণ অনুসারে, মহিষাসুর নামে এক অসুরের সঙ্গে দেবতাদের দীর্ঘ যুদ্ধ হয়। সেই যুদ্ধে দেবতারা মিলিতভাবে এক শক্তিশালী রূপ সৃষ্টি করেন, যার নাম মহামায়া দুর্গা। অসুর বধের জন্য দেবতারা তাঁকে দশটি হাত পূর্ণ শক্তিতে সজ্জিত করেছিলেন, আর প্রতিটি হাতে তুলে দিয়েছিলেন এক একটি অস্ত্র।
ব্রহ্মার পদ্ম
ব্রহ্মা দেবীকে পদ্ম দেন। পদ্ম জ্ঞান ও মুক্তির প্রতীক। এটি আলোক ও অন্ধকারের মাঝখানে সত্যকে খুঁজে পাওয়ার শক্তি বোঝায়।
মহাদেবের ত্রিশূল
শিবজি দুর্গাকে ত্রিশূল দেন। ত্রিশূলের তিন ফলা মানুষের তিন গুণকে নির্দেশ করে—তম, রজ এবং সত্ত্ব। এই তিন শক্তির মধ্যে সামঞ্জস্যই জীবনের ভারসাম্য।
যমের গদা
যমরাজ গদা প্রদান করেন। এটি ভক্তি, আনুগত্য ও ন্যায়ের প্রতীক। গদা শক্তি নিয়ন্ত্রণের শিক্ষা দেয়।
বিষ্ণুর সুদর্শন চক্র
বিষ্ণু দেবীকে দেন সুদর্শন চক্র। চক্র অর্থ ঘূর্ণন, যা সৃষ্টি ও ধ্বংসের অবিরাম চক্রকে প্রকাশ করে।
বরুণের শঙ্খ
বরুণ শঙ্খ প্রদান করেন। শঙ্খ ধ্বনি সৃষ্টির প্রতীক। পুরাণ মতে, শঙ্খের ধ্বনি থেকেই প্রাণের উদ্ভব।
খড়্গের প্রজ্ঞা
দেবী দুর্গার এক হাতে থাকে খড়্গ। এটি বুদ্ধি ও প্রজ্ঞার প্রতীক। দায়িত্ব ও সত্য উপলব্ধির জন্য এই অস্ত্র অপরিহার্য।
ইন্দ্রের বজ্র
দেবরাজ ইন্দ্র দুর্গাকে বজ্রাস্ত্র দেন। এটি দৃঢ়তা, শক্তি ও লক্ষ্যপূরণের প্রতীক। বজ্র অস্ত্র মানুষকে অদম্য ইচ্ছাশক্তির শিক্ষা দেয়।
পবনদেবের ধনুক ও তির
পবনদেব দুর্গাকে ধনুক-তির দেন। এটি ইতিবাচক শক্তি ও সঠিক লক্ষ্যভেদের প্রতীক।
অগ্নির শক্তি
অগ্নিদেব অগ্নি প্রদান করেন। অগ্নি বিদ্যা, জ্ঞান ও আত্মশুদ্ধির প্রতীক।
নাগের সাপ
নাগ দেবীকে সাপ দেন। সাপ চেতনা ও শিবের শক্তির প্রতীক। যদিও অনেক প্রতিমায় এটি সবসময় দৃশ্যমান হয় না।
অতিরিক্ত অস্ত্র ও প্রতীক
ইন্দ্রের বাহন ঐরাবত দুর্গাকে ঘণ্টা দেয়, যার শব্দ অসুরদের দুর্বল করে। প্রজাপতি দেন অক্ষমালা, ব্রহ্মা কমণ্ডলু এবং বিশ্বকর্মা অভেদ্য বর্ম ও অন্যান্য অস্ত্র প্রদান করেন।
দেবীর বাহন সিংহ
যদিও সিংহকে অস্ত্র ধরা হয় না, তবে এটি শক্তি, সাহস ও বিজয়ের প্রতীক। মহিষাসুর বধে সিংহ দেবীর প্রকৃত শক্তি হিসেবে কাজ করে।
অতএব, দেবী দুর্গার দশ হাতের প্রতিটি অস্ত্র শুধু যুদ্ধের প্রতীক নয়, জীবনের দর্শনও বহন করে। জ্ঞান, দৃঢ়তা, শক্তি ও প্রজ্ঞার সমন্বয়েই মর্ত্যে অশুভ শক্তির বিনাশ হয়।



