দিল্লিতে কূটনৈতিক অনুষ্ঠানের মাঝেই এল অপ্রত্যাশিত মুহূর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকা ফোনে যোগ দিয়ে ভারতের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের বন্ধু ও অসাধারণ নেতা বলে উল্লেখ করেন। একই সঙ্গে ভারতকে তাঁর উপর ‘১০০ শতাংশ ভরসা’ রাখার বার্তাও দেন।
ঘটনাটি ঘটে দিল্লিতে আয়োজিত আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন ভারতে মার্কিন প্রতিনিধি সার্গিও গোর এবং মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবি। অনুষ্ঠান চলাকালীন ট্রাম্প ফোনে বক্তব্য রাখেন।
ফোনালাপে ট্রাম্প বলেন, তিনি ভারতকে ভালোবাসেন এবং প্রধানমন্ত্রী মোদীকে ‘অসাধারণ নেতা’ ও ‘বন্ধু’ হিসেবে দেখেন। ভারত-আমেরিকা সম্পর্ককে আগের তুলনায় আরও ঘনিষ্ঠ বলেও দাবি করেন তিনি।
ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে ভারত তাঁর এবং আমেরিকার উপর নির্ভর করতে পারে। পাশাপাশি তিনি আমেরিকার অর্থনীতি ও বাজারের সাফল্যের কথাও উল্লেখ করেন।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত মার্কো রুবিও প্রশংসা করেন ট্রাম্প। তাঁকে দেশের অন্যতম সেরা স্টেট সেক্রেটারি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখযোগ্যভাবে, রুবিওর ভারত সফরকে ঘিরে সাম্প্রতিক সময়ে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। ভারত-আমেরিকা সম্পর্কের বর্তমান সমীকরণে এই ফোনবার্তাকে কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে।



