বিজেপি করার ‘পুরস্কার’ দাদাসাহেব ফালকে! কী বলছেন মিঠুন?

তবে মিঠুন সাফ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোনও করেননি, শুভেচ্ছাও জানাননি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ৯ অক্টোবর বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসবের শুভ সূচনা অর্থাৎ দেবী দুর্গার বোধন। আর ৮ অক্টোবর বর্ষীয়ান অভিনেতার হাতে উঠবে ‘দাদাসাহেব ফালকে’। যদিও মিঠুনের এই পুরস্কার প্রাপ্তির সঙ্গে বিজেপির করার সম্পর্ক রয়েছে বলে কানাঘুষো কটাক্ষ করছেন বিরোধীরা। এই প্রসঙ্গে ঠিক কী বললেন মহাগুরু?

একটি প্রথম সারির সংবাদমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কারুর থেকে কখনও কোনও সুবিধা নেইনি। আমি লড়াইটা একা করি। আমি পার্টিতে রয়েছি বলে এই প্রসঙ্গ উঠতেই পারে। কলকাতার কানাগলি থেকে উঠে আজ এই জায়গাতে পৌঁছেছি। ভাবতেও পারছি না। আমি বাকরুদ্ধ। এই পুরস্কার আমার পরিবার এবং সমস্ত অনুরাগীকে উৎসর্গ করছি।”

প্রসঙ্গত, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পাওয়ায় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের এক্স হ্যন্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ”আমি আনন্দিত যে, মিঠুন চক্রবর্তীজি ভারতীয় চলচ্চিত্রে তাঁর অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক আইকন, তার বহুমুখী অভিনয়ের জন্য প্রজন্ম জুড়ে প্রশংসিত। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।”

নরেন্দ্র মোদির এই অভিনন্দনবার্তা পেয়ে আপ্লুত স্বয়ং মহাগুরু। তিনি বলেছেন, “ওনার সম্পর্কে আমার মনে শুধুই ভালোবাসা আর সম্মান রয়েছে। আমি ওর সঙ্গে বহুবার ব্যক্তিগতভাবে দেখা করেছি। একজন দারুণ মানুষ। তবে যতক্ষণ না কেউ ওকে ব্যক্তিগতভাবে চিনছে, কেউ বুঝবে না উনি মানুষটা কেমন।” তবে মিঠুন সাফ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোনও করেননি, শুভেচ্ছাও জানাননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর