বিহারের রাজনীতিতে চমক। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের তুতো বোন দিব্যা গৌতম এ বার নামছেন সরাসরি নির্বাচনের ময়দানে। আসন্ন Bihar Assembly Election 2025-এ CPI(ML) Liberation-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সূত্রে জানা গিয়েছে, বিহারের গুরুত্বপূর্ণ দিঘা বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করছে দল। বুধবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দিব্যা এবার আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করছেন। এই ঘোষণা সামনে আসতেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
বাম ছাত্র রাজনীতি থেকেই উঠে আসা দিব্যা: দিব্যা গৌতম নিজেও একজন প্রতিষ্ঠিত থিয়েটার শিল্পী। পটনা কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতক এবং পরে পটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ছাত্রজীবন থেকেই বামপন্থী সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (AISA)-এর সক্রিয় সদস্য ছিলেন দিব্যা।
২০১২ সালে পটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও সেবারে দ্বিতীয় স্থানে থামতে হয়েছিল। পরে পটনা উইমেন’স কলেজে শিক্ষকতা এবং বিহারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা দফতরে ‘সাপ্লাই ইনস্পেক্টর’ পদেও কিছুদিন কাজ করেছেন। বর্তমানে পিএইচডি করছেন তিনি।

সিপিআইএমএল (লিবারেশন)-এর শক্ত ঘাঁটি দিঘা আসন: বিহারের CPI(ML) Liberation বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্যতম শরিক দল। যদিও এ বারের নির্বাচনের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি, তবে দল ইতিমধ্যেই দিঘা কেন্দ্র থেকে দিব্যা গৌতমের নাম ঘোষণা করেছে।
দিঘা দীর্ঘদিন ধরেই সিপিআইএমএল (লিবারেশন)-এর শক্ত ঘাঁটি। যদিও ২০২০ সালের ভোটে এই আসনটি দখল করে BJP। সেবারে বিজেপির প্রার্থী সঞ্জীব চৌরাসিয়া জয়ী হন। দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএমএল। ফলে আসন্ন নির্বাচনে এই কেন্দ্র ঘিরে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
দলীয় সূত্রে নিশ্চিত ঘোষণা: সোমবার রাতে সিপিআইএমএল (লিবারেশন)-এর বিহার রাজ্য কমিটির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে দিব্যা গৌতমের সঙ্গে দলীয় নেতাদের একটি ছবি পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, “দিঘা থেকে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিব্যা।”
দলীয় নেতারা মনে করছেন, দিব্যার প্রার্থিতা এই কেন্দ্রের ভোটযুদ্ধে নতুন সমীকরণ তৈরি করবে। কারণ সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তাঁর একটি আলাদা জনভিত্তি তৈরি হয়েছে।
ভোটের দিনক্ষণ ঘোষণা, দুই দফায় ভোট: বিহারের বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট ৬ নভেম্বর, ১২১টি আসনে ভোটগ্রহণ হবে। মনোনয়ন জমা দেওয়া যাবে ১৭ অক্টোবর পর্যন্ত, যাচাই ১৮ অক্টোবর, আর নাম প্রত্যাহারের শেষ দিন ২০ অক্টোবর।
দ্বিতীয় দফার ভোটগ্রহণ ১১ নভেম্বর, মোট ১২২টি আসনে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর। প্রার্থীরা ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন এবং ২৩ অক্টোবর পর্যন্ত নাম প্রত্যাহার করা যাবে। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।
বিহার রাজনীতিতে নতুন মুখ, নতুন সমীকরণ: দিব্যা গৌতমের রাজনৈতিক লড়াই এখন থেকেই বিহারের ভোটের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। একদিকে বিজেপির শক্ত ঘাঁটি দিঘা আসন, অন্যদিকে সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের এক সদস্যের বামপন্থী রাজনৈতিক মঞ্চে অভিষেক — এই দুইয়ের সংঘর্ষে নজর গোটা রাজ্যের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিব্যার প্রার্থিতা তরুণ ভোটার ও সাংস্কৃতিক মহলে নতুন সাড়া ফেলতে পারে। আসনটি বিজেপির দখলে থাকলেও, CPI(ML) এখানে দীর্ঘদিন ধরে সংগঠন চালাচ্ছে। ফলে ভোটযুদ্ধ হবে বেশ হাড্ডাহাড্ডি।



