শিয়রে লোকসভা নির্বাচন। শাসক বিরোধী সব দলই জোরকদমে প্রচারে নেমে পড়েছে। ১ ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের অন্তর্বর্তী বাজেট পেশের পর ৮ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharjee)। বিধানসভায় রাজ্য বাজেট পেশের দিন শুরু থেকেই বিধানসভায় বিশৃঙ্খলা পাকানোর অভিযোগ উঠেছিল রাজ্যের বিরোধী দল বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন : আরাবুলের গ্রেফতারির পরেই অশান্ত ভাঙড়, TMC-ISF সংঘর্ষ থামল পুলিশের লাঠিচার্জে!
অধিবেশন কক্ষে গোলমাল করার সময় মুখ্যমন্ত্রীকে(Mamata Banerjee) বলতে শোনা যায়, এটা বিজেপির পার্টি অফিস নয়। এটা বিধানসভা। এরপর বাজেট পেশ শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন, সরাসরি সম্প্রচার ঠেকাতে কেউ ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেস কর্নার থেকে ফেসবুক লাইভের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার লালবাজারে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের দুই মন্ত্রী অরুপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন এই অভিযোগ দায়ের করেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে নজিরবিহীন বলে সমালোচনা করেছেন। একজন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করার সময় এমন আচরণ অসাংবিধানিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করার পর ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলন করেন । বিধানসভার প্রেস কর্নারে সরাসরি সম্প্রচার করার প্রযুক্তিগত ব্যবস্থা ছিল।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্প্রচারে ব্যাঘাত, নেপথ্যে কী বিরোধী ষড়যন্ত্র?
মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করার আগেই প্রেস কর্নারে বসে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরী। শুভেন্দুর সাংবাদিক সম্মেলন শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করতে যান। তখন আবার প্রেস কর্নারে বসে বক্তব্য শুরু করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। এর দ্বারা সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। মনে করা হচ্ছে এর নেপথ্যে রয়েছে বিরোধী দলের ষড়যন্ত্র।



