নজরবন্দি ব্যুরো : করোনায় আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির চালক। অসুস্থ দিলীপ ঘোষের বাড়ির এক পরিচারিকা এবং নিরাপত্তারক্ষী। করোনার একাধিক উপসর্গ রয়েছে তাদের শরীরে। আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন বিজেপি সাংসদ।
কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন দিলীপ ঘোষের গাড়ি চালক। জ্বর সহ একাধিক উপসর্গ ছিল তার শরীরে। তাঁর নমুনা পরীক্ষা করা হয়। রবিবার বিপোর্ট আসে তিনি করোনা পজেটিভ। এর পরেই চিকিৎসকের পরামর্শ নেন দিলীপ ঘোষ।
নিউটাউনের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সূত্রের খবর অনুযায়ী, আজ সোমবার তাঁর নমুনা পরীক্ষা করা হবে। একইসাথে তাঁর নিরাপত্তারক্ষী ও পরিচারিকারও নমুনা পরীক্ষা করা হবে। জানা যাচ্ছে, একদিনই কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন-সহ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের সাংগঠনিক বৈঠক করার কথা ছিল।
কিন্তু বৈঠক বাতিল করা হয়েছে। এর আগেও রাজ্যের একাধিক নেতা,মন্ত্রী ও বিধায়করা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। মন্ত্রী সুজিত বসু, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সংক্রমিত হয়েছিলেন। এখন তাঁরা সম্পুর্ন ভাবে সুস্থ। রাজ্যে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তেমনি সুস্থ হয়েও উঠছেন অনেক মানুষ।



