নজরবন্দি ব্যুরোঃ ‘দেশভক্তি’, ‘দেশপ্রেম’ এইটাই তাদের দলের লক্ষ্য। তবে এবার প্রজাতন্ত্র দিবসের দিনই জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর যার জেরেই বিড়ম্বনায় পড়ছে বিজেপি। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিনই তারাপীঠে পুজো দিতে যান দিলীপ ঘোষ। তারপরই সেখান থেকে রামপুরহাটের একটি দলীয় কার্যালয়ে যান তিনি। আর সেখানে গিয়েই পতাকা উত্তলনের সময় ঘটে বিপত্তি। দিলীপ পতাকা তুলতে তুলতেই দেখতে পান, সেটি উল্টো করে লাগানো হয়েছে। দ্রুত ভুল বুঝতে পারেন সেখানে উপস্থিত অন্যরাও।
আরও পড়ুনঃ ফের ভাঙন তৃণমূলে, জোড়া পদ থেকে ইস্তফা উত্তরপাড়ার বিধায়কের।


ততক্ষণে ঘটে গেছে বিপত্তি। তারপর নিজেই দ্রুত পতাকাটি সোজা করে লাগিয়ে জাতীয় সঙ্গীত গান বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘটনাটির পর দিলীপ ঘোষ বলেন, ‘‘এটা একটা খুবই অস্বস্তিকর ঘটনা। পতাকা তোলার আগে তো পরীক্ষা করে দেখিনি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে। তখন নিজেই হাত লাগাই। তারপর সঠিক ভাবে জাতীয় পতাকা তুলি। যাঁরা ওই দায়িত্বে চিলেন, তাঁদের পরে বলেছি, এমন ভুল যেন আর কখনও না হয়।’’
তিনি আরও বলেন, ‘‘জাতীয় পতাকাকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ওঁদের ছিল না। ভুল করেছেন। সংশোধন করেছেন।’’ ঘটনাচক্রে, সেখানে উপস্থিত অধিকাংশ কর্মী-সমর্থকই ভারতমাতার নামে স্লোগান দিতে ব্যস্ত ছিলেন। ভুল শুধরে ঠিকমতো জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত সকলকে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান জানান দিলীপ। কার্যালয়ে উপস্থিত সকলে যোগ দেন তাতে। সোমবার রাতেই তারাপিঠ পৌঁছান তিনি মঙ্গলবার ভোরে পুজো দেন এদিন বিজেপি-র হয়ে ২০০-র বেশি আসন কামনা করেন।







