নজরবন্দি ব্যুরোঃ বেসরকারী স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রীম কোর্ট। এই অর্থবর্ষে বেসরকারি স্কুল ফি কোনভাবেই বাড়ানো যাবে না। এমনকি, সব বোর্ডের ১৪৫টি স্কুল ন্যূনতম ২০% ছাড় দেবে টিউশন ফি-তে। বেসরকারি স্কুলের টিউশন ফি-তে ছাড় দেওয়া হবে কিনা, সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত। গত ১৩ অক্টোবর কলকাতা হাইকোর্ট এই একই রায় দিয়েছিল।
সেই রায় কেই বহাল রাখল শীর্ষ আদালত। দেশে অতিমারী সঙ্কট শুরু হবার পর থেকেই স্কুল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। লকডাউনের মধ্যে লাইব্রেরী, ল্যাবরেটরি, স্পোর্টস সহ স্কুলের অন্যান্য পরিষেবা পড়ুয়ারা পায়নি। এই সমস্ত পরিষেবাগুলির জন্য আলাদাভাবে কোনও টাকা নেওয়া যাবে না।
এছাড়াও করোনা পরিস্থিতিতে স্কুলগুলিকে তাদের মুনাফা ৫% মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি এও জানিয়েছিল, লকডাউন জেরে আর্থিক সঙ্কটের মুখে পড়ে কোনও কোনও অভিভাবক ২০%-এর বেশি ছাড় দাবি করতে পারেন। তবে সেক্ষেত্রে সেই ছাড় দেওয়া হবে কিনা, তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল হাইকোর্ট।
বেসরকারী স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রীম কোর্ট। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কয়েকটি বেসরকারি স্কুল শীর্ষ আদালতে আবেদন করেছিল। তবে এই দিনের রায় সুপ্রিম কোর্ট অবশ্য ২০%-এর বেশি ছাড়ে স্থগিতাদেশ দিয়েছে। শীর্ষ আদালতের এই রায়ে খুশি অভিভাবকরা।



