রক্তে শর্করার মাত্রা বেড়েছে। তাই চা-কফি থেকে চিনি বাদ, মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েও নিজেকে সামলাতে হচ্ছে। কিন্তু শুধু মিষ্টি নয়, এ বার কি আম, কলা, লিচু কিংবা কাঁঠালের মতো পছন্দের ফলও খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে? ডায়াবিটিস ধরা পড়ার পর অনেকের মনেই এমন প্রশ্ন ওঠে। তবে চিকিৎসকদের মতে, ডায়াবিটিস হলেই সব মিষ্টি ফল খাওয়া বন্ধ করে দিতে হবে, এমন ধারণা ঠিক নয়। বরং কোন ফল কতটা পরিমাণে খাচ্ছেন এবং দিনের অন্য খাবারের সঙ্গে তার ভারসাম্য কেমন থাকছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
কলকাতার এক বেসরকারি হাসপাতালের ডায়াবিটিস বিশেষজ্ঞ কল্যাণকুমার গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ফলে প্রাকৃতিক শর্করা থাকলেও ডায়াবিটিস রোগীদের খাদ্যতালিকা থেকে ফল পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। সঠিক পরিমাণ ও নিয়ম মেনে ফল খেলে শরীর প্রয়োজনীয় ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট পেতে পারে।
ডায়াবিটিস রোগীদের জন্য ফল কেন জরুরি?
আম, কলা কিংবা লিচুর মতো ফলের স্বাদ মিষ্টি হওয়ায় অনেকেই মনে করেন, এগুলি খেলেই রক্তে শর্করা বেড়ে যাবে। কিন্তু ফলের প্রাকৃতিক শর্করার পাশাপাশি এতে থাকে ডায়েটরি ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং জল। এই উপাদানগুলি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য প্রয়োজনীয়।
বিশেষ করে ফলের ফাইবার হজমের গতি ধীর করতে এবং শর্করা শোষণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে সাহায্য করে। পাশাপাশি পেট দীর্ঘক্ষণ ভরা রাখে এবং অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে ভূমিকা নেয়। তাই ফলকে মিষ্টি বা চিনিযুক্ত পানীয়ের সঙ্গে এক করে দেখা ঠিক নয়। তবে ফল খেলেই রক্তে শর্করা বাড়বে না, এমন নিশ্চয়তাও নেই। ফলের ধরন, পরিমাণ এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপর এর প্রভাব নির্ভর করে।
কোন ফল খেতে পারেন ডায়াবিটিস রোগীরা?
পেয়ারা, আপেল, নাশপাতি, কমলালেবু, পেঁপে এবং বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল পরিমিত পরিমাণে ডায়াবিটিস রোগীদের খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এই ফলগুলিতে ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। তবে এগুলিও ইচ্ছেমতো খাওয়া যাবে না। একসঙ্গে কতটা ফল খাওয়া হচ্ছে, সেটি মাথায় রাখা জরুরি।
অন্যদিকে, আম, কলা, আঙুর কিংবা লিচুর মতো মিষ্টি ফলও একেবারে নিষিদ্ধ নয়। কিন্তু এই ফলগুলির ক্ষেত্রে পরিমাণের দিকে বিশেষ নজর দিতে হবে। ফল খাওয়ার পর রক্তে শর্করার মাত্রায় কী পরিবর্তন হচ্ছে, সেটিও পর্যবেক্ষণ করা প্রয়োজন। কারণ একই ফল একজনের শরীরে যে প্রভাব ফেলতে পারে, অন্যজনের ক্ষেত্রে তার প্রভাব আলাদা হতে পারে।
ডায়াবিটিস থাকলে আম খাওয়া যাবে?
গরমের দিনে পাকা আম দেখলে জিভে জল আসাটাই স্বাভাবিক। কিন্তু ডায়াবিটিস ধরা পড়ার পর অনেকেই আম খাওয়া বন্ধ করে দেন। পুষ্টিবিদদের মতে, ডায়াবিটিস রোগীরাও আম খেতে পারেন, তবে পরিমাণ মেনে। স্ন্যাক হিসেবে একটি মাঝারি মাপের আম খাওয়ার কথা বলা হয়। তবে ব্যক্তির রক্তে শর্করার মাত্রা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই পরিমাণ বদলাতে পারে।
আমের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক বেশি হলেও, আম খেলেই রক্তে শর্করা হু হু করে বেড়ে যাবে, এমনটা সব ক্ষেত্রে সত্যি নয়। সমস্যা হতে পারে, যদি ভাত, রুটি বা অন্য কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাওয়ার পর অতিরিক্ত আম খাওয়া হয়। তাতে একসঙ্গে শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যেতে পারে।
তাই আম খেতে চাইলে দিনের অন্য খাবারের সঙ্গে তার হিসাব রাখতে হবে। যেমন, সন্ধ্যায় অন্য কোনও কার্বোহাইড্রেটসমৃদ্ধ স্ন্যাকসের বদলে পরিমিত আম খাওয়া যেতে পারে। আবার রাতে আম খেলে সেই অনুযায়ী রুটি বা ভাতের পরিমাণে সামঞ্জস্য আনা প্রয়োজন। তবে নিজের খাবারের পরিমাণ নিজে থেকে বদলে না ফেলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই ভাল।
গোটা ফল না ফলের রস, কোনটি বেশি উপকারী?
ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে গোটা ফল খাওয়াই বেশি উপযোগী। ফলের রস তৈরি করলে তার ফাইবারের একটা বড় অংশ বাদ পড়ে যায়। ফলে রস থেকে শর্করা তুলনামূলক দ্রুত শরীরে শোষিত হতে পারে। বাড়িতে তৈরি তাজা ফলের রস হলেও এই সমস্যা থাকতে পারে। প্যাকেটজাত ফলের রসে অতিরিক্ত চিনি থাকলে ঝুঁকি আরও বাড়তে পারে।
শুকনো ফলের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। খেজুর, কিশমিশ বা শুকনো ডুমুরে অল্প পরিমাণের মধ্যেই তুলনামূলক বেশি শর্করা থাকতে পারে। তাই এগুলি খেতে হলে পরিমাণ খুব সীমিত রাখা দরকার। একসঙ্গে অনেকটা শুকনো ফল খাওয়া এড়িয়ে চলাই ভাল।
ফল খাওয়ার সঠিক সময় কখন?
ডায়াবিটিস রোগীদের ফল খাওয়ার ক্ষেত্রে সকাল, দুপুর বা সন্ধ্যা নিয়ে অনেক রকম ধারণা রয়েছে। কেউ মনে করেন, সকালে খালি পেটে ফল খাওয়া উচিত। আবার কারও ধারণা, খাবারের পরে ফল খেলেই রক্তে শর্করা বেড়ে যায়। কিন্তু সবার জন্য একই সময়ের কোনও বাধ্যতামূলক নিয়ম নেই।
ডায়াবিটিস বিশেষজ্ঞ অভিজ্ঞান মাঝির মতে, খাবারে ফাইবারের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবারসমৃদ্ধ খাবারের সঙ্গে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ়জাতীয় খাবার খেলে রক্তে শর্করা বৃদ্ধির গতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য হতে পারে। তাই শুধু ফল খাওয়ার সময় নয়, সারাদিনে মোট কতটা কার্বোহাইড্রেট খাওয়া হচ্ছে এবং খাদ্যতালিকায় পুষ্টির ভারসাম্য থাকছে কি না, সেটিও দেখতে হবে।
সব মিলিয়ে, ডায়াবিটিস মানেই ফলের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়। আম, কলা কিংবা লিচুর মতো পছন্দের ফলও খাদ্যতালিকায় রাখা সম্ভব, যদি পরিমাণ ও সামগ্রিক খাবারের হিসাব ঠিক থাকে। তবে যাঁদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে নেই, কিডনির সমস্যা রয়েছে বা অন্য কোনও শারীরিক জটিলতা আছে, তাঁদের ক্ষেত্রে খাদ্যতালিকা আলাদা হতে পারে। তাই নিজের ইচ্ছেমতো ফলের পরিমাণ ঠিক না করে চিকিৎসক বা প্রশিক্ষিত পুষ্টিবিদের পরামর্শ মেনে চলাই সবচেয়ে নিরাপদ।



