ভারতীয় সিনেমা আজ শোকে স্তব্ধ। প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra), যিনি ছয় দশক ধরে বলিউডকে উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় ছবি। মঙ্গলবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় গোটা ভারতীয় চলচ্চিত্র দুনিয়া।
এক যুগের অবসান।
ধর্মেন্দ্রর মৃত্যু যেন এক যুগের সমাপ্তি। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘সত্যকাম’, ‘আনপড়’, ‘ধর্ম বীর’— একের পর এক হিট ছবিতে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে এনে দিয়েছিল “হি-ম্যান অফ বলিউড” উপাধি। ২৪৭টিরও বেশি সিনেমায় তাঁর উপস্থিতি ভারতীয় সিনেমার ইতিহাসে এক সোনালি অধ্যায় হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে।
গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ধর্মেন্দ্র। প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই থাকছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু কয়েক দিন আগে রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসার জন্য গঠিত হয় বিশেষ মেডিক্যাল বোর্ড, যারা ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না।
শেষবার ক্যামেরার সামনে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ধর্মেন্দ্রর কাজের প্রতি আবেগ ছিল অটুট। করণ জোহরের ‘Rocky Aur Rani Ki Prem Kahani’ ছবিতে জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রকাশ্যে এসেছিল তাঁর পরবর্তী ছবির ঝলক। সেই ছবি মুক্তির আগেই চিরবিদায় নিলেন বলিউডের এই আইকনিক তারকা।
বলিউডে নেমেছে শোকের ছায়া।
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো ইন্ডাস্ট্রিতে। হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল সহ তাঁর পরিবার ও সহকর্মীরা হাসপাতালে উপস্থিত হয়ে শেষবারের মতো প্রিয়জনকে বিদায় জানান। সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, সালমান খানসহ অসংখ্য শিল্পী ও ভক্তরা।
ধর্মেন্দ্রর প্রস্থানে বলিউড হারাল এক যুগের প্রতীক। তাঁর সংলাপ, হাসি, চোখের গভীরতা এবং ব্যক্তিত্ব ভারতীয় সিনেমার অমলিন অধ্যায় হয়ে থাকবে চিরকাল।
“ভিরু” ছাড়া “জয়” এখন একা।
‘শোলে’-এর জয়-ভিরু জুটি ভেঙে গেল চিরদিনের জন্য। প্রজন্মের পর প্রজন্ম যাঁর সংলাপে খুঁজে পেয়েছে সাহস ও প্রেমের প্রতীক, সেই হি-ম্যান আজ চিরনিদ্রায়।
ভারতের চলচ্চিত্র জগৎ বলছে— আলবিদা, ধর্মেন্দ্র।







