শনিবার গভীর রাতে মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রাত আড়াইটে নাগাদ আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও চারটি ইঞ্জিন এবং ছ’টি বড় ট্যাঙ্কার, উদ্ধারকারী যান ও অন্যান্য সরঞ্জাম মোতায়েন করা হয়।
দমকল সূত্রে জানা গিয়েছে, বহুতলের পাঁচতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। যদিও প্রাণহানির কোনও খবর মেলেনি, তবে ইডি দফতরের ভেতরে থাকা বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার নথি, যেখানে অভিযুক্ত ছিলেন মেহুল চোকসী ও নীরব মোদি, তা এই দফতরেই সংরক্ষিত ছিল।


ভোররাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দমকল আধিকারিকরা জানান, সাড়ে ৩টের সময় আগুন ‘লেভেল ২’ পর্যায়ে পৌঁছায় এবং পরে সাড়ে ৪টের দিকে তা ‘লেভেল ৩’ পর্যায়ে পৌঁছে যায়। যদিও রাতের সময় অফিস বন্ধ থাকার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। দমকল এবং পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে। ইডি দফতরের ক্ষয়ক্ষতির পরিমাণ ও সম্ভাব্য নথি ধ্বংসের বিষয়ে শীঘ্রই বিস্তারিত রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে।
এই অগ্নিকাণ্ডের ফলে মুম্বইয়ের প্রশাসনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং গোটা ঘটনার দিকে নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও।









