‘সময় বদলায়, বিশ্বাস বদলায়…’ দেবের পোস্টে তোলপাড়! ৭২ ঘণ্টার বার্তায় নতুন জল্পনা

নতুন ছবি ‘DeSu7’-এর শুটিং শুরুর দিনে রহস্যময় পোস্ট করলেন দেব। ‘৭২ ঘণ্টা’ ও ‘বিশ্বাস বদলায়’ বার্তা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, আর তাতেই শুরু হয়েছে জোর চর্চা। অভিনেতা-সাংসদ দেব ফের ‘৭২ ঘণ্টা’র উল্লেখ করে এমন একটি বার্তা দিয়েছেন, যা ঘিরে টলিউড থেকে রাজনৈতিক মহল— সর্বত্রই শুরু হয়েছে জল্পনা। নতুন ছবি ‘DeSu7’-এর শুটিং শুরুর দিনেই তাঁর এই পোস্ট নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন দেব। সেখানে তিনি লেখেন, “৭২ ঘণ্টা, সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না। বন্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে। আজ #DeSu7-এর প্রথম দিন, একসঙ্গে।”

পোস্টটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। কারণ ‘৭২ ঘণ্টা’ শব্দবন্ধ এর আগেও ব্যবহার করেছিলেন দেব। টলিউডে শিল্পীদের উপর নিষেধাজ্ঞা এবং কাজের সুযোগ নিয়ে বিতর্কের সময়ও তিনি একইভাবে সময়সীমার কথা উল্লেখ করেছিলেন।

টলিউডের সাম্প্রতিক পরিস্থিতিও এই পোস্টকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। স্টুডিওপাড়ায় দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন বিতর্ক, কলাকুশলীদের অভিযোগ এবং সাম্প্রতিক গ্রেপ্তারির ঘটনাগুলির পর শিল্পমহলে পরিবর্তনের হাওয়া বইছে। সেই প্রেক্ষাপটে দেবের বার্তা অনেকের কাছেই ইঙ্গিতবহ বলে মনে হয়েছে।

এদিকে দেবের নতুন ছবি ‘DeSu7’ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন দেব নিজেই। ফলে শুটিং শুরুর প্রথম দিন থেকেই ছবিকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।

অন্যদিকে, অভিনেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা থামছে না। দীর্ঘদিন ধরে সাংসদ হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয় জগতেও সমানভাবে সক্রিয় রয়েছেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ কী হতে পারে, তা নিয়েও নানা আলোচনা চলছে।

তবে দেবের ঘনিষ্ঠ মহলের দাবি, আপাতত তাঁর প্রধান লক্ষ্য নতুন ছবির কাজ। পুজোয় মুক্তির লক্ষ্যে এগোচ্ছে ‘DeSu7’, আর সেই প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছেন অভিনেতা-প্রযোজক।

সব মিলিয়ে, একটি সংক্ষিপ্ত পোস্টই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে দেবকে। ‘৭২ ঘণ্টা’র বার্তার নেপথ্যে শুধুই কি ছবির প্রচার, নাকি অন্য কোনও ইঙ্গিত লুকিয়ে রয়েছে— সেই উত্তর পেতে এখন অপেক্ষা করতেই হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন