ভরা মঞ্চে দেবের প্রশ্ন, কুণালের জবাবে হাসির রোল! ‘রঘু ডাকাত’-এর নায়ক ও সাংবাদিকের মজার খুনসুটি

ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে মুখোমুখি দেব ও কুণাল ঘোষ। অতীতের তরজা ভুলে মঞ্চে রসিকতায় মেতে উঠলেন দু’জনেই, হেসে উঠল গোটা হল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা চলচ্চিত্র জগতে দেব ও কুণাল ঘোষের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। কখনও বিতর্ক, কখনও কটাক্ষ— দুইজনের তরজা যেন বারবারই শিরোনাম দখল করে। তবে শুক্রবার সন্ধ্যায় দেখা গেল এক অন্য ছবি। ফেডারেশনের আয়োজনে বিজয়া সম্মিলনী ২০২৫-এ একসঙ্গে মঞ্চে উঠে হালকা রসিকতায় মেতে উঠলেন দেব ও কুণাল ঘোষ।

ভরা মঞ্চে যখন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস একে একে শিল্পীদের সম্মান জানাচ্ছিলেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা জিৎ, দেব, ও সাংবাদিক-রাজনীতিক কুণাল ঘোষ। হঠাৎই মন্ত্রী অরূপ বিশ্বাস মঞ্চে অনুরোধ করেন, “দেব যেন কুণাল ঘোষকে সম্বর্ধনা দেন।” আর তাতেই শুরু হাসির মুহূর্ত।

দেব মাইক হাতে নিয়ে কুণালের দিকে তাকিয়ে বলেন, “আর কতদিন আমার পিছনে লাগবে ভেবে বলো।” চারপাশে হেসে ওঠেন উপস্থিত সবাই। কুণালও কম যান না, পাল্টা জবাব দেন— “পিছনে লাগতে গেলেও একটা ভালো পিছনের দরকার।” দেবও সঙ্গে সঙ্গে বলেন, “তার মানে আমি এগিয়ে আছি।” মুহূর্তেই তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে সভাস্থল।

এই হাসির মুহূর্তে মিশে গেল অতীতের তিক্ততা। কারণ, দেব ও কুণালের তরজা নতুন নয়। ‘রক্তবীজ’ বনাম ‘রঘু ডাকাত’-এর মুক্তি ঘিরে হল বণ্টন, প্রোমোশন, বাজেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্যে নেমে এসেছিল ঠান্ডা যুদ্ধের ছায়া। তবে শুক্রবারের এই অনুষ্ঠানে সেই বিভেদ উধাও।

কুণাল ঘোষ বলেন, “দেবের জন্য অনেক শুভেচ্ছা। আমি দেবকে সত্যিই ভালোবাসি, কাউকে তার জন্য কৈফিয়ত দিতে হবে না। মাঝেমধ্যে মতবিরোধ হয়, কিন্তু দেব ইন্ডাস্ট্রির সম্পদ। আমাদের দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল, আছে, থাকবে।”

দেবও মঞ্চেই কুণালের কাঁধে হাত রেখে বলেন, “কুণালদা আমার কাছের মানুষ। তিনি ছবিও করছেন, আমার শুভেচ্ছা রইল। আমরা সবাইকে একজোট থাকতে হবে। ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে নেতিবাচকতার কোনও জায়গা নেই।”

এই সৌহার্দ্যের আবহে দেব ঘোষণা করেন, ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ থেকে পাওয়া অর্থের একটি বড় অংশ টেকনিশিয়ানদের কল্যাণ তহবিলে দান করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, দেব ও প্রযোজক শ্রীকান্ত মোহতা মঞ্চেই ফেডারেশনের হাতে তুলে দেন ৪ লক্ষ টাকার বেশি অনুদান। মুম্বই থেকে সোজা কলকাতায় ফিরে এই অনুষ্ঠানে যোগ দেন শ্রীকান্ত মোহতা নিজেও।

এই মুহূর্তে দর্শকদের চোখে ধরা পড়ল এক অপ্রত্যাশিত ছবি— দেব ও কুণালের মঞ্চে একসঙ্গে হাসিমুখে উপস্থিতি। যাঁরা দীর্ঘদিন ধরে এই দুইজনের ঠান্ডা সম্পর্কের খবর শুনছিলেন, তাঁদের কাছে এই দৃশ্য যেন এক নতুন অধ্যায়ের সূচনা।

শিল্পমহলের মতে, দেব-কুণালের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত শুধুই রসিকতা নয়, বরং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ঐক্যের বার্তা। প্রতিযোগিতা থাকুক, কিন্তু বিভাজন নয়— এটাই যেন বার্তা দিলেন দুই তারকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত