নজরবন্দি ব্যুরো: বর্তমানে গোটা রাজ্য মেতে উঠেছে দুর্গাপুজোয়। আর এরই মধ্যে সবার কপালে ভাঁজ ফেলছে ডেঙ্গু। গোটা রাজ্যে বেড়ে গিয়েছে ডেঙ্গির প্রকোপ। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর জেলা, ব্লক ও মহকুমা হাসপাতালগুলির কর্তৃপক্ষের কাছে নির্দেশ পাঠিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, জেলা-ব্লক-মহকুমা হাসপাতাল, মেডিক্যাল কলেজের চিকিৎসক, অ্যাডিশনাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারদের শহরেই থাকতে হবে।
আর পড়ুন: খারিজ হয়ে গেল ‘দুয়ারে রেশন’ প্রকল্প, পঞ্চায়েত ভোটের আগে ধাক্কা খেল সরকার
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীরা। পুজোয় অষ্টমী ছাড়া সব দিন হাসপাতালগুলির ওপিডি চালু রাখতে হবে। এরআগে রাজ্যের এই পরিস্থিতিতে প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে আলাদা করে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। সেক্ষেত্রে দু’দফায় অভিযান চলবে। এমনই নির্দেশিকা জারি করেছিল রাজ্য। পুর ও নগরোন্নয়ন দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দু’দফায় করতে হবে এই সাফাই অভিযান।
প্রথম দফার সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর এবং দ্বিতীয় দফায় ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর অভিযান চলবে। প্রত্যেক ওয়ার্ডের অলি–গলি থেকে শুরু করে ফাঁকা জমি, বন্ধ নালা এবং পুজো মণ্ডপগুলিতে সাফাই অভিযান চলবে। কোথাও জল যেন জমে না থাকে সেটা দেখতে হবে। দুর্গাপুজোর আগে ও পরে এই সাফাই অভিযান ডেঙ্গি রুখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, “কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ইতিমধ্যেই ডেঙ্গু সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি স্প্রে করার কাজ চলছে। মেডিকেল টিমকে তৈরি থাকতে বলা হয়েছে। পাশাপাশি এম আর বাঙ্গুর হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অতিরিক্ত বেড রেডি রাখা রয়েছে। ২৪ ঘণ্টা রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকছে”। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, উত্তরে জলপাইগুড়ি, দার্জিলিংয়েও ভয়ঙ্কর ভাবে ছড়াচ্ছে ডেঙ্গু।
ইতিমধ্যে উত্তরের জেলাগুলিতে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ দল সেখানে নিয়ে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকক্ষেত্রেই ডেঙ্গু টেস্ট করতে অনেকটাই দেরি করছেন রোগীরা। তাতে পরিস্থিতি অনেকক্ষেত্রেই জটিল হয়ে ওঠার সম্ভাবনা থাকছে। তাদের পরামর্শ জ্বর হলে ২৪ ঘন্টার মধ্যেই ডেঙ্গু টেস্ট করিয়ে নেওয়াটা খুবই দরকার।
কপালে ভাঁজ ফেলছে ডেঙ্গু, চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে জারি নয়া নির্দেশিকা

বুধবার রাজ্য়ে নতুন করে ৯১২ জন ডেঙ্গির কবলে পড়েছেন। একইসঙ্গে সরকারি হাসপাতালে এখনও সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬১০ রোগী। একইসঙ্গে এদিন মোট ডেঙ্গি পরীক্ষা হয়েছে ৮১১৭ জনের। পরিসংখ্যান বলছে গত দু’সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তিনগুণেরও বেশি হয়ে গিয়েছে বলে দেখা যাচ্ছে। তাতেই নতুন করে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য মহলে।



