উত্তরপ্রদেশে হাথরসে মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির সৎসঙ্গে পদদলিত হয়ে ১০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার জেরে ওই বাবা গ্রেফতার শীঘ্রই গ্রেফতার হতে পারে। নারায়ণ সাকার হরি নিজেকেই ‘গডম্যান’ বলে ঘোষণা করেছিলেন। যার আসল নাম সুরজ পাল। তিনি এখন ফুলরাই গ্রাম থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মাইনপুরীতে তাঁর আশ্রমে ছিলেন।



যেখানে তিনি হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি করেছিলেন। কীভাবে ঘটল দুর্ঘটনা? জানা যাচ্ছে, উন্মুক্ত প্রাঙ্গনে আয়োজিত ওই সৎসঙ্গে যোগ দিতে এসেছিলেন ৫০ হাজারেরও বেশি অনুগামী। অনুষ্ঠানের শেষে কাতারে কাতারে ভক্তরা ছুটে যান ভোলে বাবার পায়ের ধুলো ও আশীর্বাদ নিতে।

আর তাতেই ঘটে যায় বিপত্তি। পিটিআই সূত্রে খবর, বুধবার সকাল ৯টা পর্যন্ত অন্তত ১২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালেই এই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে। তবে এফআইআরে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার নাম নেই। শুধুমাত্র অনুষ্ঠানের আয়োজকদের নাম রয়েছে এফআইআরে।


হাথরসে মর্মান্তিক ঘটনায় মৃত্যু বেড়ে ১২১! FIR অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে

হাথরাসে এখনও চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে ডগ স্কোয়াড। ফরেনসিক পরীক্ষাও চলছে। একযোগে কাজ করছে উত্তর প্রদেশ পুলিশ, এনডিআরএফ। পুলিশের একাংশ মনে করছে, ছোট জায়গায় জমায়েত হওয়ার ফলেই এমন ঘটনা ঘটেছে। আরও জানা যাচ্ছে যে বাবা-র গাড়ি না বেরনো পর্যন্ত ভক্তদের ওই জায়গা ছেড়ে যেতে দেওয়া হয়নি। এরপর বেরনোর সময়ই দুর্ঘটনা ঘটে।








