রাজ্য-রাজভবন সংঘাতের আবহে এবার চরম উদ্বেগের ঘটনা। খোদ রাজ্যপালকে খুনের হুমকি দিয়ে ই-মেল—আর তাতেই নড়েচড়ে বসল প্রশাসন। সূত্রের খবর, রাজ্যপাল সি ভি আনন্দ বোস-এর উদ্দেশে পাঠানো ওই ই-মেলে স্পষ্টভাবে লেখা ছিল, “Will Blast Him”। মেল পাওয়ার পরই রাতারাতি নিরাপত্তা জোরদার করা হয় এবং বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে।
সংবাদসংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যপালের কাছে ওই হুমকি-ইমেল আসে। তার পরপরই উচ্চপর্যায়ে সতর্কতা জারি হয়। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশ ও CRPF-কে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। রাজভবন চত্বর এবং আশপাশে নিরাপত্তা বলয় আরও শক্ত করা হয়েছে।


সূত্রের দাবি, এই প্রথম নয়—এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পেয়েছেন রাজ্যপাল। তা সত্ত্বেও, হুমকি-ইমেলের পর রাজ্যপাল এক বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার তিনি কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় হাঁটবেন। তাঁর বক্তব্য, কলকাতার সাধারণ মানুষই তাঁকে নিরাপত্তা দেবে। উল্লেখ্য, রাজ্যপাল বর্তমানে জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল বারবার প্রশ্ন তুলেছেন এবং সেই কারণেই শাসক শিবিরের সঙ্গে তাঁর সংঘাত প্রকাশ্যে এসেছে। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজ্যের সার্বিক উন্নতির স্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলি তুলে ধরে একটি ইস্তেহারও পেশ করেন। রাজ্যপালের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে গত কয়েক বছরে তিনি যা দেখেছেন ও বুঝেছেন, সেটাই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন।
হুমকি-ইমেলের ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—রাজ্যের রাজনৈতিক উত্তাপের মাঝেই কি প্রশাসনিক স্তরে নিরাপত্তা চ্যালেঞ্জ আরও বাড়ছে? তদন্তে নেমেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি, খতিয়ে দেখা হচ্ছে ই-মেলের উৎস ও উদ্দেশ্য।









