নজরবন্দি ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান বাঙালি অভিনেতা অরুণ গুহঠাকরতা। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙুর হাসপাতালে। এই মাসের প্রথমদিনেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। ১ জুলাই তত্ক্ষণাত তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন থাকাকালীন অবস্থার তেমন উন্নতি হয়নি।
এর মাঝে তাঁর করোনা পরীক্ষা করাতে তার রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হতেই আজ দুপুরে প্রয়াত হন অভিনেতা। আগামীকাল ৭ জুলাই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন টলিউড তারকারা।
প্রসেনজিত্ চট্টোপাধ্যায় অরুণ গুহঠাকরতাকে শেষশ্রদ্ধা জানালেন ট্যুইটারের মাধ্যমে। ঋতুপর্ণা সেনগুপ্তও ট্যুইটারে লিখেছেন, ভারতীয় চলচ্চিত্র জগতের বড় ক্ষতি। চলচ্চিত্রের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন অরুণ গুহঠাকরতা। পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন, বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালক অরুণ গুহঠাকরতার চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। ওনার সান্নিধ্যে সময় কাটাবার সুযোগ হয়েছিল সিনেমাওয়ালা এবং অপুর পাঁচালী ছবির সেটে।
আমাদের স্মৃতিতে উনি আজীবন জীবিত।সৃজিত শোকপ্রকাশ করে লিখেছেন, আজ আমরা আমাদের চলচ্চিত্র জগতের অন্যতম অসামান্য অভিনেতাকে হারালাম। সিনেমাওয়ালা, বিসর্জন, ছোটদের ছবির মাধ্যমে উনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে আমাদের মনে দাগ কেটেছিলেন। ওনার শেষ কাজ ছিন্নমস্তার অভিশাপ আমারা আমাদের ফেলুদা ফেরত সিরিজে প্রদর্শন করার প্রচেষ্টা রাখব। অরুণ গুহঠাকরতার কেয়ার অফ স্যার, শব্দ, সিনেমাওয়ালা, বিসর্জন ল্যাপটপে তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছে সিনেপ্রেমীরা।



