নজরবন্দি ব্যুরো: আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা। গতিবেগ হবে ঘণ্টায় ২১০ কিলোমিটার। আবহাওয়াবিদরা বলছেন, আমফানের থেকেও ভয়ঙ্কর রূপ নিতে পারে মোকা। এদিকে মৌসম ভবনের তরফে জানা গিয়েছে, রবিবার দুপুরে মায়ানমার উপকূলে ২১০ কিলোমিটার ঝড় তুলে স্থলভাগে আছড়ে পড়বে মোকা।
আরও পড়ুন: Weather Update: আগামীকাল থেকেই ফের তাপপ্রবাহের সতর্কতা, একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা!


হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। আজ দুপুরেই ল্যান্ডফল হবে মোকার। দক্ষিণ পূর্ব বাংলাদেশ, উত্তর মায়নামার উপকূল, বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিয়াকফিউয়ের মাঝামাঝি স্থানে আছড়ে পড়তে পারে। সেই সময়ে ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ২১০ কিলোমিটার।

মায়ানমার ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় মোকা। দুই দেশই প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে প্রায় ৩ লক্ষ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ উপকূলে বিশাল উচ্চতায় উঠতে পারে সমুদ্রের ঢেউ। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পাশাপাশি ভূমিধসের আশঙ্কা রয়েছে।



আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, বাংলায় সরাসরি ঘূর্ণিঝড় মোকার কোনও প্রভাব পড়বে না। তবে পরোক্ষভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অন্যদিকে, সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
আমফানের থেকেও ভয়াবহ রূপ নেবে মোকা! আতঙ্কে কাঁপছে মায়ানমার, বাংলাদেশ








