নজরবন্দি ব্যুরো: একশো দিনের কাজের বকেয়া টাকা আদায় তৃণমূল অঙ্গীকারবদ্ধ। দিল্লিতে বৃহৎ কর্মসূচির পর কলকাতায় ফিরে রাজভবনের সামনেই ধর্নায় বসেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে বঞ্চিতদের চিঠি সহ রাজ্যপালের সঙ্গে আলোচনার দাবি তুলেছিলেন। সোমবার সিভি আনন্দ বোসের সঙ্গে ২০ মিনিটের বৈঠক হয় তৃণমূলের। অভিষেককে আশ্বস্ত করেই দিল্লি রওনা দিয়েছিলেন রাজ্যপাল বোস। সেখানেই আজ অমিত শাহের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এই বৈঠকেই বকেয়া প্রসঙ্গ উঠতে পারে।
আরও পড়ুন: আদালতের নির্দেশে আজই ED-র কাছে নথি পেশ অভিষেকের, পরবর্তী পদক্ষেপ কি?


চলতি মাসের শুরুতেই দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে দাঁড়িয়েই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তিনি। রাজ্যপালের দেখা না পেয়ে টানা পাঁচদিন রাজভবনের সামনেই ধর্নায় বসেছিলেন তিনি। অবশেষে সিভি আনন্দ বোস সময় দেন। সেইমত সোমবার বিকেল চারটে নাগাদ ৩০ জন প্রতিনিধি ও গুচ্ছ গুচ্ছ চিঠি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। ২০ মিনিটের বৈঠকে একশো দিনের কাজ বকেয়া টাকা এবং বঞ্চিতদের সমস্যার কথা তুলে ধরেন। গতকালের বৈঠক ইতিবাচক ছিল বলেই ইঙ্গিত দেয় তৃণমূল।

তৃণমূলের তরফে জানানো হয়েছিল, রাজ্যপাল ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করবেন। রাজভবন থেকেও বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দিয়েছেন। এরপরই জানা যায়, সোমবার বিকেলেই দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একশো দিনের কাজের টাকা নিয়ে তৃণমূলের দাবি তুলে ধরবেন বাংলার রাজ্যপাল।



উল্লেখ্য, গতকাল তৃণমূল-রাজ্যপাল বৈঠক শেষে ধর্না তুলে নেওয়ার ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ধর্না তুলে নেওয়া হচ্ছে। কিন্তু ৩১ অক্টোবরের মধ্যে বাংলার মানুষের দাবি নিয়ে পদক্ষেপ করা না হলে ১ নভেম্বর পথে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ।
অভিষেককে আশ্বস্ত করে দিল্লিতে রাজ্যপাল, শাহ বৈঠকে উঠতে পারে ‘বকেয়া’ ইস্যু









