পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিরোধী দলগুলি। একদিকে যেখানে সিপিএম এক দফায় ভোটের দাবি তুলেছে, সেখানে কংগ্রেস জানিয়েছে— দফার সংখ্যা নয়, নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোট যেন নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে হয়, সেই বিষয়টিকেই কমিশনের সামনে প্রধান দাবি হিসেবে তুলে ধরেছে বিরোধী শিবির।
কমিশনের সঙ্গে বৈঠকের পর কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, “এক দফা হোক, দু’দফা হোক বা তিন দফা— আমাদের মূল দাবি নিরাপত্তা। ভোট যেন নিরপেক্ষভাবে হয়, সেটা কমিশন নিশ্চিত করুক। এক দফায় ভোট হলে আমরা খুশি হব, তবে নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।”


অন্যদিকে সিপিএমের প্রতিনিধিদল কমিশনের বৈঠকে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR) ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, কমিশনের ভূমিকা নিয়ে তাদের গুরুতর প্রশ্ন রয়েছে।
বৈঠক শেষে সেলিম বলেন, “আমরা জানতে চেয়েছি, একটি ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় মানুষকে শত্রু বানানোর প্রয়োজন কেন পড়ল? কেন মানুষের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করা হল? নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশনে পরিণত হচ্ছে? ভোটের আগে তাদের নিজেদের সম্মান বজায় রাখা উচিত।”
তবে ভোটের দফা নিয়ে সিপিএমের অবস্থান স্পষ্ট। তাদের দাবি, এক দফায় নির্বাচন হওয়াই সবচেয়ে ভালো। যদিও সর্বোচ্চ দু’দফায় ভোট হলে তাতেও আপত্তি নেই বলে জানিয়েছে দলটি।


এদিকে বিজেপির প্রতিনিধিরা জানিয়েছেন, কমিশনের সঙ্গে বৈঠকে এসআইআর ইস্যু নিয়ে কোনও আলোচনা হয়নি। তাদের বক্তব্য, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এসআইআর নিয়ে আমরা কোনও আলোচনা করিনি। বিষয়টি আদালতে রয়েছে। সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে, আমরা তা মানতে বাধ্য। আজকের বৈঠকে মূলত ভোটের পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে এবং আমাদের অসন্তোষের কথাও জানিয়েছি।”








