ভোটের ঠিক আগে একদিকে দ্রুত এগোচ্ছে সংশোধন প্রক্রিয়া, অন্যদিকে বাড়ছে উদ্বেগ। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে জানানো হয়, ইতিমধ্যেই ৫৯ লক্ষের বেশি বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে। কিন্তু একই সঙ্গে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—৬০ লক্ষ মামলার মধ্যে এখনও বড় অংশে নাম বাদ পড়ার অভিযোগ, আর ট্রাইব্যুনাল গঠনের বিলম্বে সাধারণ মানুষের ভোগান্তি চরমে।
হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল-এর পাঠানো রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টে এই অগ্রগতির ছবি তুলে ধরা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, দুপুর ১২টা পর্যন্ত ৫৯ লক্ষ ১৫ হাজার আবেদন নিষ্পত্তি হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহ—এই দুই জেলায় জমা পড়া প্রায় ৮ লক্ষ আপত্তির সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে, এমনটাই আদালতকে জানানো হয়েছে।
তবে এই অগ্রগতির মাঝেও রয়ে গেছে একাধিক প্রশ্ন। শুনানিতে আইনজীবীরা জানান, মোট ৬০ লক্ষ মামলার মধ্যে এখনও পর্যন্ত ৪৪ লক্ষ মামলার তথ্য সামনে এসেছে। এর মধ্যে প্রায় ৫৫ শতাংশ ক্ষেত্রে নাম পুনরায় অন্তর্ভুক্ত হলেও, প্রায় ৪৫ শতাংশ ক্ষেত্রে নাম বাদ পড়েছে। এই পরিসংখ্যানই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ভোটারদের মধ্যে।
আরও বড় সমস্যা ট্রাইব্যুনাল নিয়ে। বহু জায়গায় এখনও ট্রাইব্যুনাল গঠন হয়নি, ফলে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের সামনে কার্যত অনিশ্চয়তা। আদালত অবশ্য স্পষ্ট করেছে, নাম বাদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তে ট্রাইব্যুনালের উপরেই ভরসা রাখা হচ্ছে। এমনকী প্রয়োজন হলে মাধ্যমিক পরীক্ষার নথিও যাচাই করা যেতে পারে বলে পর্যবেক্ষণ করেছে আদালত।
মাঠের পরিস্থিতিও কম উদ্বেগজনক নয়। ট্রাইব্যুনালে আবেদন জানাতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রক্রিয়ার ধীরগতি এবং পরিকাঠামোর ঘাটতি নিয়ে ক্ষোভ বাড়ছে।
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে—নাম অন্তর্ভুক্তি ও বাদের এই জটিল প্রক্রিয়া এখন রাজ্যের বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শেষ মুহূর্তে কত মানুষ ভোটাধিকার হারাবেন, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।



