নজরবন্দি ব্যুরোঃ নদিয়ার তাহেরপুর পুরসভায় জয়ী হল বামফ্রন্ট। পুরসভার মোট ১৩ টি আসনের মধ্যে ৮ টি আসনে জয়ী হয়েছে সিপিআইএম। বাকি ৫ টিতে জয়ী হয়েছে তৃণমূল। এই জয়ের সাথে সাথে সাথেই ২০২১ সালে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বামেরা প্রত্যাবর্তনের ইঙ্গিত দিল। তাহেরপুরে জয়ের সেলিব্রেশন শুরু কতেছেন বাম কর্মীরা। সিপিআইএম কর্মীদের বক্তব্য, ভোটের দিন মার খেয়ে রক্তাক্ত হয়েও বুথ আগলে রেখেছিলেন তাঁরা। তাই ফল মিলেছে হাতে নাতে।
আরও পড়ুনঃ গড় রক্ষায় ব্যর্থ বিরোধী দলনেতা, কাঁথিতে এবার চলেনি অধিকারীদের ক্যারিশমা


আজ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা চলছে। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুম। গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই দেখা যায় রাজ্যের সিংহ ভাগ পুরসভায় জয়ী হচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের দল। কিন্তু তার মধ্যেও নদীয়ার তাহেরপুরে নিজেদের অস্তিত্ব জানান দিল সিপিআইএম।
বিধানসভা নির্বাচনে বামেদের ঝুলিতে আসেনি কোনও আসন। একসময় রাজ্যের শাসক দল সিপিআইএম তথা বানফ্রন্টের অস্তিত্বই কার্যত প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। বিধান্সভা নির্বাচনের পর কংগ্রেস এবং আইএসএফের সাথে কার্যত জোট ভঙ্গ করে বামেরা। বামফ্রন্ট হিসেবে লড়ে উপ নির্বাচনে ও কলকাতার পুরভোটে ভোট শতাংশ কিছুটা বাড়ে লাল ঝান্ডার দলের। রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে একটি পুরসভায় জয় অনেকটাই অক্সিজেন দেবে আলিমুদ্দিনের কর্তাদের বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পুরভোটে খাতা খুলল বামেরা, তাহেরপুর পুরবোর্ডের দখল নিল সিপিআইএম।

এই জয়ের খবর সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তিনি কর্মীদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, “১৩টার মধ্যে ৮টা আসনে জিতে তাহেরপুর পুরবোর্ড দখল করলো বামফ্রন্ট। তাহেরপুরের প্রত্যেক কমরেডকে লাখো লাখো লাল সেলাম।”









