বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের আকার নিয়েছিল মালদহের মানিকচক। বিগত বেশ কয়েক দিন ধরেই মানিকচকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ১০টি জায়গায় পথ অবরোধ করেন সাধারণ মানুষ। সেখানেই পুলিশের সঙ্গে বেধে যায় খন্ডযুদ্ধ। গুলি চালায় পুলিশ! আহত হন ২ জন। এবার পুলিশের গুলি চালানোর বিরুদ্ধে শুক্রবার ১২ ঘন্টার জন্য মানিকচক বন্ধের ডাক দিল সিপিআইএম।
একেই এ বছর তীব্র গরম। তার ওপর লাগাতার বিদ্যুৎ বিভ্রাট। বারংবার অভিযোগ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন বিক্ষুব্ধ জনতা। অবশেষে বৃহস্পতিবার মানিকচকে পথ অবরোধের সিদ্ধান্ত নেন তাঁরা এবং বাস্তবায়িতও করেন। কিন্তু উল্টোদিক থেকে পুলিশের তরফে বাধা দেওয়া হয়। পথ অবরোধ তুলে দিতে চাইলে পুলিশের সঙ্গে রীতিমতো ঝামেলা বাধে অবরোধকারীদের।

পুলিশের তরফে অভিযোগ, অবরোধকারীদের হাতে আক্রান্ত হয়েছেন পুলিশের আইসি-সহ বেশ কয়েকজন কর্মী। এরপরেই ধন্ধুমার বাধে মানিকচকে। পুলিশের তরফেও পাল্টা প্রহার করা হয়। এমনকি চালানো হয় গুলি। যার ফলে ২ জন আহত হয়েছেন। তাঁদেরকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজে। পুলিশের তরফে জানানো হয়েছে আপাতত অবরোধ তুলে নিয়েছে স্থানীয় বাসিন্দারা।
পুলিশের গুলিতে আহত ২, মানিকচক বনধের ডাক দিল CPIM

তবে ঠিক কি কারণে পুলিশের তরফে গুলি চালানো হলো তা জানতে চেয়েছে নবান্ন। সেখানে বলা হয়েছে, আত্মরক্ষার খাতিরেই গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৬ জনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঘটনা রেশ এখনও কাটেনি। আজ ১২ ঘণ্টার বন্ধ চলছে মানিকচকে। এই বন্ধ ডেকেছে বামেরা। বনধের জেরে শুক্রবার সকাল থেকেই মানিকচকের এনায়েতপুর এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাতেও গাড়ির সংখ্যা অন্য দিনের তুলনায় কম।



