নজরবন্দি ব্যুরোঃ লোকাল-মেট্রো বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত, তবে চলবে বাস, খুলবে সেলুন! গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে ক্রমশই কমছে সংক্রমণের তীব্রতা। নিম্নমুখী করোনা মৃত্যুর সংখ্যা, গতকালের তথ্য বলছে ১৪ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট। এই পরিস্থিতিতে রাজ্যে কঠোর বিধি নিষেধে কিছুটা ছাড় দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ প্রবীণ-প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের যায়গা দিতে বিধান পরিষদ মমতার, বিল পেশ ৮ জুলাই!
আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সরকারি-বেসরকারি বাস চলাচলে ছাড় দেওয়ার কথা ঘোষণা করে মমতা বন্দোপাধ্যায় বলেন, “সরকারি বাস, বেসরকারি বাস চলবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস।” লোকাল ট্রেন এবং মেট্রো চলাচল নিয়ে মুখ্যমন্ত্রী জানান, “আগামী ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধই থাকবে।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়ে দেন, “সকাল ১১-সন্ধে ৬টা পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহক নিয়ে দিনে ৭ ঘণ্টা খুলতে পারবে সেলুন, পার্লার।” অফিস খোলা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সকাল ১০-বিকেল ৪টা পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা নিজেদেরই করতে হবে সংস্থাকে।”
লোকাল-মেট্রো বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখা যাবে। শরীরচর্চাকেন্দ্রগুলিকেও(জিম) ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে এদিন। তবে একটি বিষয় এ দিন স্পষ্ট করে দিয়েছেন মমতা, সব ধরনের ছাড়ই পরীক্ষামূলক ভাবে দেওয়া হচ্ছে। যদি করোনা পরিস্থিতি কোনওভাবে খারাপ হয়, তাহলে এই ছাড়গুলি প্রত্যাহার করে নেওয়া হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।



