নজরবন্দি ব্যুরো: ফের একবার আদালতে মুখ পুড়ল কলকাতা পুলিশের। ধর্মতলার পর খেজুরিতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সভা নিয়ে একাধিক শর্ত জারি করলেও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২রা ডিসেম্বর খেজুরিতে সভা করার কথা বিরোধী দলনেতার।
আরও পড়ুন: তৃণমূলের ধর্নায় ‘অপবিত্র’ আম্বেদকর মূর্তির পাদদেশ! গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ অভিযান বিজেপির


ধর্মতলায় বিজেপির সমাবেশের ক্ষেত্রেও দু’দুবার আপত্তি জানিয়েছিল কলকাতা পুলিশ। শেষমেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও বিজেপিকে সভা করার অনুমতি দেয়। আর আগামী ২রা ডিসেম্বর খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভার ক্ষেত্রেও পুলিশের অনুমতি ছিল না। অবশেষে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।

আজ বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ছিল মামলার শুনানি। বিচারপতির পর্যবেক্ষণ, বারবার বিরোধীদের সভা করার জন্য আদালতে আসতে হচ্ছে কেন? শাসকদল কি সভা করার জন্য একই শর্ত মেনে আবেদন করে? তবে, শুভেন্দু অধিকারীর সভার ক্ষেত্রে বেশ কিছু শর্তও দিয়েছেন বিচারপতি।



ফের আদালতে ভর্ৎসিত রাজ্য পুলিশ, ধর্মতলার পর খেজুরিতেও শুভেন্দুকে সভার অনুমতি হাইকোর্টের

বিচারপতি জানিয়েছেন, শব্দবিধি মেনে শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। কোনওরকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত সভা চলবে। ফলে, শর্ত থাকলেও কিন্তু শনিবার খেজুরিতে সভা করছেন শুভেন্দু অধিকারী।







