নজরবন্দি ব্যুরোঃ করোনা চিকিৎসা সরঞ্জাম কেনাতে কোটি টাকার কেলেঙ্কারি। কদিন আগেই আমফানের ত্রান কেলেঙ্কারি নিয়ে রীতিমত সমালোচিত হয়েছিল রাজ্য সরকার। ক্ষমতা কাজে লাগিয়ে শাসক দলের নেতাদের ত্রান দুর্নীতি কাণ্ড রীতিমত তোলপাড় সৃষ্টি করেছিল রাজ্যে। আর এবার করোনা কেলেঙ্কারি। তাও আবার এক আধ টাকার নয়। কোটি কোটি টাকার। আর শুধু টাকাই নয় করোনা চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ নিয়েই দুর্নীতি!
আরও পড়ুনঃ আদানির হাতে বিমানবন্দর দিলে সাহায্য করব না, মোদিকে হুঁশিয়ারি বিজয়নের।
উল্লেখ্য, করোনা আবহে এখন পর্যন্ত প্রায় ২ হাজার কোটি টাকার চিকিৎসার জন্যে সরঞ্জাম কিনেছে রাজ্য সরকার। রাজ্যের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড নামের একটি সংস্থা মূলত এই চিকিৎসা সরঞ্জাম কেনে। কিন্তু একসাথে অনেকটা সামগ্রী কেনার কারনে সময় বেশি লাগে। তাই অল্প সময়ে বেশি পরিমান সামগ্রী আনার জন্যে রাজ্য একটি আলাদা কমিটি গঠন করে। উদ্দেশ্য ছিল অল্প সময়ে বেশি সামগ্রী মজুত করা। কিন্তু এখন জানা যাচ্ছে নিয়মের তোয়াক্কা না করে বেশ কিছু এজেন্সি থেকে ওষুধ কেনা হয়েছিল। যার গুণমান ছিল অত্যন্ত খারাপ।
এই খারাপ মানের ওষুধ আমদানিতে কোটি কোটি টাকা ব্যায় হয়েছে রাজকোষ থেকে। আজ বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার চিকিৎসা সামগ্রী কেনাতে এহেন ঘটনা ঘটায় চরম উদবিঘ্ন মুখ্যমন্ত্রী সাথে সাথেই তদন্তের নির্দেশ দেন। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত করবে এবং দ্রুত মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে।
অন্যদিকে, গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৬৯ জন। যা নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৯২২। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৭ হাজার ৬৭৮ জন। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৮১ জনের। মৃত ২ হাজার ৫৮১ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৩ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৭৩ জন। আজকের ২ হাজার ৯৭৩ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৬৬৩ জন।
বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৩৪ হাজার ৩৫৮ টি। যা নিয়ে রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ১৬ হাজার ৫৫৬ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ১৫ হাজার ৭৪০ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৮৯ শতাংশ। যা বেড়েছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৫.৯৫ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।



