নজরবন্দি ব্যুরোঃ দেশের করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৯১৮ জন। কোভিড মৃত্যুর সংখ্যা ৯৫৯। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দু’ লাখ ৬২ হাজার ৬২৮ জন।
আরও পড়ুনঃ ৩২ থেকে ৬ শতাংশে নামল পজিটিভিটি রেট, মৃত্যু মিছিল অব্যাহত বাংলায়।


দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার ১৬৮। দৈনিক পজিটিভিটির হার ১৫.৭৭ শতাংশ। এখনও অবধি ১৬৬ কোটি তিন লাখ ৯৬ হাজার ২২৭ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৯৫৯ জনের।
যা রবিবারের তুলনায় বেশকিছুটা বেশি। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা ৩৭৪। এদিন পিনারাই বিজয়নের রাজ্যের তরফে পুরনো বেশকিছু মৃত্যুর ‘ব্যাকলগ’ যোগ করা হয়েছে। যার জেরে একধাক্কায় দেশের মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে গিয়েছে।

অপর দিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৬ কোটি ৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এত কম সময়ে এই বিপুল অঙ্কের টিকাকরণকে নজির বলেই মনে করছে কেন্দ্র।


দেশের করোনা গ্রাফ নিম্নমুখী, চিন্তা মৃত্যুর সংখ্যা নিয়ে
তবে করোনা সংক্রমণের এই নিম্নমুখী গ্রাফ দেখে বেপরোয়া হতে নিষেধ করছেন চিকিৎসকেরা। তাঁদের দাবি, উপযুক্ত কোভিড প্রোটোকল মেনে চলতে হবে, না হলেই ফের বিপদ।








