নজরবন্দি ব্যুরো: ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় বাংলার বহু মানুষের প্রাণ গিয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। একইসঙ্গে যাঁরা আহত হয়েছেন, মানসিকভাবে আতঙ্কে ভুগছেন, তাঁদেরকেও আর্থিকভাবে সাহায্য করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Coromandel বিপর্যয়ে ক্ষতিপূরণের টাকা কোথায় পাচ্ছে রাজ্য? বিস্ফোরক শুভেন্দু


এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিজে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলা থেকে মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। আমরা ৮৬ জনের দেহ পেয়েছি। তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হল। ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। আগামী ৩ মাস ২ হাজার টাকা করে দেওয়া হবে। কাজ করতে পারছেন না, এমন তিনজনকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০০ জন ছেলেমেয়ের দায়িত্ব নেবেন তিনি। তাদের মধ্যে ৫০ জন ছেলে এবং ৫০ জন মেয়ে। জেলাশাসক ও পুলিশ সুপারদের প্রত্যেকের পরিবারের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৭২ জন। তাঁদের পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অল্প আঘাত পেয়েছেন এমন ৬৩৫ জনকে আর্থিক সাহায্য করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ৭৯৯ জন শ্রমিককে মানবিক কারণে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আগামী তিন মাস ২০০০ টাকা করে দেওয়া হবে।



করমণ্ডল বিপর্যয়ের পর গোটা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। রেলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এই ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি রেল কম ক্ষতিপূরণ দিচ্ছে বলেও সুর চড়িয়েছেন তিনি।
করমণ্ডল বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ১০০ ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নেবেন Mamata Banerjee, দিলের আর্থিক ক্ষতিপূরণ








