মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিপাকে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আগেই তাঁকে শো-কজ করে নির্বাচন কমিশন এবং বিজেপি। এবার কমিশন সাফ জানাল, দিলীপের মন্তব্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। একই সঙ্গে সতর্কও করা হল তাঁকে।
আরও পড়ুন: নওশাদদের জন্য দরজা বন্ধের পথে আলিমুদ্দিন, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে সম্ভাব্য CPIM প্রার্থী ইনিই!
প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ বলেন, “উনি (পড়ুন মমতা) একবার বাংলায় বলেন আমি বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে। আগে ঠিক করুন উনি কার মেয়ে।” এরপরই দিলীপ ঘোষের কাছে চিঠি আসে জেপি নাড্ডার। সেখানে বলা হয়, দিলীপের এই মন্তব্য বিজেপির পরম্পরাবিরোধী এবং সংবিধানবিরোধী।

এদিন দিলীপকে সতর্ক করে কমিশন বলে, ভারতীয় সমাজে মেয়েদের স্থান অনেক উঁচুতে এবং নির্বাচনে মেয়েদের অংশগ্রহণও দিনের পর দিন বাড়ছে। সেক্ষেত্রে এই ধরনের মন্তব্য সমাজে কু-প্রভাব ফেলতে পারে। সে কারণেই দিলীপ ঘোষকে সতর্ক করে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে ১০ সদস্যের প্রতিনিধিদল গিয়ে কমিশনে অভিযোগ জানিয়ে আসে।

দিলীপের মন্তব্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে, বিজেপি নেতাকে সতর্ক করল কমিশন
শো-কজের পর দুঃখপ্রকাশ করলেও ফের সুর চড়ান দিলীপ। তিনি বলেন, “আমার বক্তব্য অনেকেরই ভালো লাগেনা। পার্টির ভিতরেও সমালোচনা হয়। আমার নেতৃত্বও বলেছে অসংসদীয়। কিন্তু একটা কথা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুরে এসে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীর নামে কুরুচিকর মন্তব্য করেন তখন কেউ কিছু বলে না। কেন, পুরুষ বলে কি শুভেন্দু অধিকারীর মানসম্মান নেই!”




