নজরবন্দি ব্যুরো: এক চাঞ্চল্যকর ঘটনা! রেললাইনের পাশ থেকে উদ্ধার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাকর্মীর দেহ। তাঁর বাড়ি নদিয়ায়। বুধবার বিকেলে বাড়ি থেকে বেরনোর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘক্ষণ খোঁজ চালালেও ওই ব্যক্তির কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে গভীর রাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: ৮৩ নয় এবার ৮২ পেলেই টেট উত্তীর্ণ হবে পরীক্ষার্থীর, রায় দিল কোলকাতা হাইকোর্ট


জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম ইসরাফিল সাহাজি। বয়স ৩০ বছরের কাছাকাছি। নদিয়ার চাকদহ থানার মদনপুর জঙ্গল গ্রামের বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। গতকাল অর্থাৎ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে হাঁটতে বের হন তিনি। কিন্তু রাত ১০ টা বেজে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা যোগাযোগ করার চেষ্টা করেন। সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। বারবার ফোন করলেও ইসরাফিলের কোনও খবর পাওয়া যায়নি।

মৃতের পরিবারের দাবি, গতকাল রাতে ইসরাফিলকে অনেকবার ফোন করলেও কেউ ফোন ধরেনি। এরপর রাত প্রায় বারোটা নাগাদ জিআরপি থেকে তাঁদের ফোন করে জানানো হয় রেললাইনের পাশ থেকে একটি দেহ পাওয়া গিয়েছে। তাঁদের শনাক্তকরণের জন্য ডেকে পাঠানো হয়।



এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ কীভাবে এমন ঘটনা ঘটে গেল বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। রানাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা পরিবারের সঙ্গে কথা বলছেন। নিহত ব্যক্তির ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও খবর।
রেললাইনের পাশে উদ্ধার মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা








