ব্রিগেড থেকেই বাংলার সব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে সে নিয়ে জল্পনা ছিলই। শেষপর্যন্ত রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক টিকিট পেলেন, প্রার্থী হওয়ার দৌড়ে পিছিয়ে গেলেন অর্জুন সিং। লোকসভা নির্বাচনের টিকিট না পেয়েই ক্ষোভে ফুঁসছেন সাংসদ। কিন্তু কেন তাঁকে টিকিট দেওয়া হল না, বুধবার একথা স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Arjun Singh-Mamata Banerjee)।



আরও পড়ুন: মন্ত্রিত্ব নয় সাংসদ পদ চাই, ভোটের মুখে ‘বায়না’ কমছেই না অর্জুনের!
এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘অর্জুন এখনও বিজেপির সাংসদ। ও ইস্তফা দেয়নি। বিজেপির টিকিটেই নির্বাচিত আছে। পার্থ ভৌমিক আমদের দলের প্রার্থী। অর্জুন কোথায় দাঁড়াবে ওর ব্যাপার।’ তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক লড়াই করব। অর্জুনের স্বাধীনতা আছে কোথায় লড়বে ওর ব্যাপার। পার্থ ভালো ছেলে , আমরা আশা করছি পার্থ ভৌমিক (Partha Bhowmick) মানুষের সমর্থন পাবে।’

অর্জুনকে কেন তৃণমূলের টিকিট দেওয়া হল না, এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যারা তৃণমূলকে ভালবেসে এসেছে, দলকে ভালবেসে এসেছে, যারা দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছে, আমি একা কিন্তু দলের সিদ্ধান্ত নিই না। সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তৃণমূল অনেক বড় পরিবার। যেখানে যে যোগ্য, তার নিরিখে প্রার্থী করা হয়েছে।”


বিজেপির সাংসদ বলেই তৃণমূলে টিকিট জুটল না? অর্জুনকে নিয়ে মুখ খুললেন মমতা

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাবে অর্জুন সিং বলেন, ‘ওনার হিসেব ভুল ছিল, আমি বিজেপির সাংসদ হয়ে তৃণমূলের মঞ্চে বসেছিলেন।’ ব্রিগেডে নাম ঘোষণার সময়েই মঞ্চে উপস্থিত ছিলেন অর্জুন সিং। টিকিট না পেয়ে সাংবাদিক বৈঠকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁর বাড়ি থেকে মমতা-অভিষেকের ছবি সরে মোদীর ছবি ফিরে এসেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, অর্জুন সিংয়ের দলবদল এখন সময়ের অপেক্ষা।







