শুক্রবার ফের বিক্ষোভ দিল্লিতে, এবার ‘তেরঙা ওড়াও’ অভিযান CJP-র! ঝাঁঝ বাড়ছে ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের

যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের পর শুক্রবার কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ অভিযানের ডাক অভিজিৎ দীপকের। বিকেল ৫টায় সেন্ট্রাল পার্কে জমায়েতের আহ্বান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে শুক্রবার ফের পথে নামার ডাক দিল ককরোচ জনতা পার্টি (CJP)। দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদে ১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ অভিযানের ডাক দিয়েছেন সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকে। জাতীয় পতাকা হাতে এই কর্মসূচিতে সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম এবং রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দীপকের বক্তব্য, জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ হতে পারে না। অথচ যন্তর মন্তরে বিক্ষোভ দেখাতে গিয়ে সৌরভ ও রাঙ্কাকে গ্রেফতার হতে হয়েছে বলে অভিযোগ সিজেপির। সেই ঘটনার প্রতিবাদেই এবার দিল্লির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় জমায়েতের পরিকল্পনা নিয়েছে দলটি।

মঙ্গলবার যন্তর মন্তরে প্রবেশের জন্য লোহার দরজা টপকে ভিতরে ঢোকার অভিযোগ ওঠে সিজেপির কয়েক জন সদস্যের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ছিলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। জাতীয় পতাকা হাতে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও দেন তাঁরা। পরে দিল্লি পুলিশ দু’জনকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আপাতত তাঁরা তিহাড় জেলে রয়েছেন বলে খবর।

যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির উপর বিধিনিষেধের প্রেক্ষিতেই নতুন কর্মসূচির ঘোষণা করেছে সিজেপি। দলের দাবি, জাতীয় পতাকা হাতে প্রতিবাদ জানানোর জন্য কাউকে জেলে পাঠানো উচিত নয়। সেই বক্তব্য সামনে রেখেই শুক্রবার কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। সেখানে জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি প্রতিবাদ জানাবেন আন্দোলনকারীরা বলে জানিয়েছেন দিপকে।

একটি ভিডিয়োবার্তায় সিজেপি আহ্বায়ক দেশপ্রেমে বিশ্বাসী নাগরিকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। যাঁরা দিল্লিতে উপস্থিত হতে পারবেন না, তাঁদের নিজেদের শহরেও সন্ধ্যায় জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ কর্মসূচি করার আবেদন জানিয়েছেন তিনি। দিপকের বক্তব্য, তেরঙা দেশের গর্ব এবং তা ওড়ানোকে অপরাধ হিসেবে দেখা যায় না।

নিজের গ্রেফতারির আশঙ্কার কথাও ভিডিয়োবার্তায় জানিয়েছেন দীপকে। তাঁর দাবি, সহকর্মীদের পর তাঁকেও গ্রেফতার করা হতে পারে। তবে সেই আশঙ্কায় জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ থেকে পিছিয়ে আসবেন না বলেই জানিয়েছেন সিজেপি আহ্বায়ক।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের আবহেই সিজেপির এই কর্মসূচি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদ এবং দিল্লিতে সিজেপি নেতাদের গ্রেফতারি ঘিরে সংঘাত আরও তীব্র হয়েছে। শুক্রবারের ‘তেরঙা ওড়াও’ অভিযান সেই প্রতিবাদেরই পরবর্তী কর্মসূচি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisementspot_img

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর