সিআইডির তলবে গরহাজির অভিষেক, বিকেলেই কালীঘাটের বাড়িতে পৌঁছল তদন্তকারী দল

স্বাক্ষর জালিয়াতি মামলায় সিআইডির তলবে হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলেই তাঁর কালীঘাটের বাসভবনে পৌঁছল তদন্তকারী দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে নতুন মোড়। CID-এর তলবে হাজিরা না দিয়ে সময় চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছল তদন্তকারী দল। তবে মূল ফটক বন্ধ থাকায় কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে হয় আধিকারিকদের।

সোমবার দুপুরে ভবানীভবনে হাজিরা দেওয়ার কথা ছিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তদন্তকারী সংস্থার কাছে অতিরিক্ত সময় চান। সূত্রের খবর, CID-কে পাঠানো চিঠিতে তিনি ১৪ দিনের সময় চেয়েছেন।

এর পরেই বিকেলে কালীঘাটের বাড়িতে পৌঁছন CID-এর কয়েকজন আধিকারিক। তবে তাঁরা পৌঁছলেও সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেননি। সূত্রের দাবি, তদন্তকারী দলকে জানানো হয় যে বিষয়টি অভিষেককে অবহিত করা হয়েছে এবং তাঁর নির্দেশ মিললেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিধানসভার স্বাক্ষর বিতর্ককে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে তৎপর হয়েছে CID। তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যেই একাধিক বিধায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েক দিন আগেও অভিষেকের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছিলেন তদন্তকারীরা।

এই মামলার সূত্রপাত একটি বিতর্কিত রেজোলিউশনকে ঘিরে। অভিযোগ, বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্যসচেতক নির্বাচনের জন্য বিধানসভায় জমা দেওয়া একটি নথিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতেই এই বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছিল। পরে তদন্ত প্রক্রিয়ায় CID-ও যুক্ত হয়।

অন্যদিকে অভিষেকের ঘনিষ্ঠ মহলের দাবি, সাম্প্রতিক হামলার পর তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। ডান চোয়াল, ঘাড় এবং বুকের কাছে ব্যথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই হামলার মুখে পড়েছিলেন অভিষেক। সেই ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল।

এই পরিস্থিতিতে CID-এর পুনরায় কালীঘাটে যাওয়া স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। তদন্তকারী সংস্থা পরবর্তী পদক্ষেপ কী নেয় এবং অভিষেক কবে হাজিরা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর