নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগেই যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়ছেন, এবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। গোরক্ষপুর থেকে প্রার্থী হচ্ছেন রাবণ। যা নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের অন্দরে আলোচনা বেড়ে গিয়েছে। যদিও যোগী আদিত্যনাথের মূল প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি এখনও ওই আসনের জন্য প্রার্থী ঘোষণা করেনি।
আরও পড়ুনঃ UP Election 2022: টিকিট পাননি, কংগ্রেসের ‘প্রচারের মুখ’ বিজেপিতে? শুরু জল্পনা


৫ বছর মুখ্যমন্ত্রী থাকার পর এবারের নির্বাচনে প্রথমবার প্রার্থী হিসাবে লড়ছেন যোগী আদিত্যনাথ। কিছু দিন আগেই গোরক্ষপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী হিসাবে মনোনিত করেছে বিজেপি। প্রথমবার বিধানসভা নির্বাচনে মুখোমুখি হচ্ছেন দুই প্রার্থী।
চন্দ্রশেখরের বক্তব্য ছিল, তিনি একা বিজেপিকে পরাজিত করতে না পারলেও যোগী আদিত্যনাথকে পরাজিত করাই তাঁর প্রধান লক্ষ্য। গত কয়েক দশক ধরে বিজেপির গড় হিসাবে পরিচিত রয়েছে গোরক্ষপুর। পশ্চিম উত্তরপ্রদেশে অস্তিত্ব না থাকা চন্দ্রশেখর লড়বেন কীভাবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগে অবশ্য অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোটের কথা চলছিল চন্দ্রশেখর আজাদের সঙ্গে। কিন্তু আসন সমঝোতা নিয়ে মনমালিন্যের কারণে তা ভেস্তে যায়। একাই নির্বাচনে লড়াইয়ে সিদ্ধান্ত নেন দলিত নেতা। সরাসরি লড়াই ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথের বিরুদ্ধে।


মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়ছেন, গোরক্ষপুরে জমাটি লড়াই

সূত্রের খবর, উত্তরপ্রদেশে ৫ বছর যোগী শাসনে দলিত মহিলা থেকে দলিত সমাজের ওপর নির্যাতনের একাদ্ঘিক অভিযোগ উঠেছে। সেই সমস্ত ইস্যুকে হাতিয়ার করে আগামী দিনে গোরক্ষপুরে প্রচারে নামতে চাইছেন রাবণ। তবে সমাজবাদী পার্টি এবং গোরক্ষপুরের আসনে কংগ্রেস কাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করে? সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।







