দীর্ঘদিন পর আবারও বলিউডে ফিরতে চলেছেন অভিনেত্রী সেলিনা জেটলি। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়-এর নতুন ছবি ‘ভগিনী নিবেদিতা’-র বায়োপিকে নামভূমিকায় অভিনয় করবেন তিনি। বহুদিন পর বড়পর্দায় সেলিনার প্রত্যাবর্তন এবং এক ঐতিহাসিক চরিত্রে তাঁর অভিনয় ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এই ছবিতে ভগিনী নিবেদিতা-র জীবন ও কর্মকে তুলে ধরা হবে। আয়ারল্যান্ডে জন্ম নেওয়া মার্গারেট নোবেল কীভাবে স্বামী বিবেকানন্দ-এর সান্নিধ্যে এসে ‘ভগিনী নিবেদিতা’ হয়ে ওঠেন এবং ভারতীয় শিক্ষা, সমাজসংস্কার ও নারীজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই অধ্যায়ই সিনেমার মূল বিষয়।
এক সাক্ষাৎকারে সেলিনা জেটলি বলেন, “রামের মতো একজন দূরদর্শী পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই বিশেষ। এই ছবির অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”
অভিনেত্রীর কথায়, এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার অনেক আগেই ভগিনী নিবেদিতা-র জীবন ও আদর্শের সঙ্গে তাঁর এক গভীর আত্মিক সংযোগ তৈরি হয়েছিল। তাই এই চরিত্রে অভিনয়কে তিনি শুধুমাত্র একটি অভিনয়ের সুযোগ হিসেবে নয়, বরং একটি বিশেষ দায়িত্ব হিসেবেও দেখছেন।
পরিচালক রাম কমল মুখোপাধ্যায়-এর এই বায়োপিকের মাধ্যমে ভগিনী নিবেদিতার জীবনসংগ্রাম, আদর্শ এবং ভারতের প্রতি তাঁর অসামান্য অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে।






