আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে শিয়ালদহ কোর্টে নিজেদের হেফাজতের চাইতে গিয়ে বিপাকে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে এসেছে, যে কারণে সন্দীপদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন। কিন্তু সিবিআই হেফাজতের আবেদন খারিজ করে দিল আদালত।
সোমবার আরজি কর মামলায় শিয়ালদহ কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই! বিচারকের ভর্ৎসনার মুখে পড়লেন কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির আইনজীবী। সিবিআই-এর তরফে যখন সন্দীপদের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়, তখন সন্দীপের আইনজীবী দাবি করেন, জেলে থাকাকালীন একবারও সিবিআই তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করেনি। সেই সময় আদালতের তরফে সিবিআই-কে প্রশ্ন করা হয়, জেলে গিয়ে ক’দিন আপনারা প্রশ্ন করেছেন? আপনাদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে সমস্যাই বা কী? এরপর সিবিআই প্রথম পিটিশন প্রত্যাহার করে।


খানিক পরে নতুন একটি পিটিশন জমা দেয় সিবিআই। সেখানে সিবিআই হেফাজতের আর্জি প্রত্যাহার করলেও জেল বা পুলিশ হেফাজতের কথাই উল্লেখ ছিল না! এরপরেই সন্দীপের আইনজীবী চেপে ধরে বলেন, তাহলে তো আমার মক্কেল জামিনের আর্জি করতেই পারেন! এই ঘটনায় রেগে যান বিচারপতি। রীতিমতো কড়া ভাবে তিনি সিবিআই-কে বলেন, পরের বার আবেদন করার সময় আর এরকম ভুল করবেন না। উল্লেখ্য, আজ আদালত দু’জনের ক্ষেত্রেই ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



