নজরবন্দি ব্যুরো: সপ্তাহের শেষেই আচমকা কলকাতা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা। একদিকে কলকাতার মেয়র তথা ফিরহাদ হাকিম, অন্যদিকে কামারহাটি পুরসভার তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখানেই থেকে থাকেনি তারা। জেলায় জেলায় পুরপ্রধানদের বাড়িতেও পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। সপ্তাহান্তে শোরগোল রাজ্য-রাজনীতিতে।
আরও পড়ুন: পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও CBI হানা, চলছে চিরুনি তল্লাশি


কিন্তু এই সমস্ত তল্লাশির পিছনে কেন্দ্রীয় এজেন্সির পরিকল্পিত চক্রান্ত আছে বলেই আশঙ্কা করেছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র অভিযোগ তুলে জানিয়েছিলেন, “সিবিআই বাংলার মন্ত্রীদের টার্গেট করছে। পরিকল্পনা করে হেনস্থার চক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির।” পাশাপাশি তিনি আরও দাবি করেছিলেন যে,”সিবিআই যতই তল্লাশি চালাক না কেন! তদন্তে মিলবে না কিছুই।” তল্লাশি নিয়ে কি আগেই অনুমান করেছিলেন পুরমন্ত্রী? প্রশ্ন উঠছে ওয়াকিবহল মহলে।

জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই জোর কদমে চলছে তল্লাশি অভিযান। কতদূর এগাবে তল্লাশি? সেই দিকেই নজর সকলের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ফিরহাদ হাকিমের মোবাইল দখলে নিয়ে তল্লাশি চালাচ্ছে CBI। পাশাপাশি ফিরহাদ হাকিমের দু’জন আইনজীবী তমাল ঘোষ এবং গোপাল হালদার পৌঁছে গিয়েছেন মন্ত্রীর বাড়িতে। তবে গোয়েন্দা আধিকারিকদের অনুমতি না মেলায় বাড়ির ভিতর প্রবেশ করতে পারেননি তাঁরা।



সূত্রের খবর, রবিবার সকালে সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদের বাড়িতে পৌঁছয়। শুধু তাই নয়, রাজ্যের পুরমন্ত্রীর বাড়ি বাইরে দাঁড়িয়ে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিবিআইয়ের এই তল্লাশির খবর পেয়ে ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অনেকে। এই মুহূর্তে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।
পরিকল্পনা করে মন্ত্রীদের হেনস্থা করছে CBI, তল্লাশি নিয়ে কি আগেই অনুমান করেছিলেন পুরমন্ত্রী








