হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি! আলিপুরে ব্যবসায়ীর বাড়ি ও অফিসে সিবিআই হানা সাতসকালে

হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় আলিপুরে সিবিআই অভিযান। ব্যবসায়ীর একাধিক ঠিকানায় তল্লাশি, ইডি ও আদালতের নির্দেশে নতুন করে তদন্ত জোরদার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় ফের নড়েচড়ে বসল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কলকাতার আলিপুরে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে একযোগে হানা দিল সিবিআই। একাধিক জায়গায় চলছে তল্লাশি, গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারীরা।

হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় ভোরের আলো ফোটার আগেই আলিপুরে সিবিআই অভিযান। ব্যবসায়ীর একাধিক বাড়ি ও অফিসে তল্লাশি, তদন্তে নতুন মোড়ের ইঙ্গিত।

সিবিআই সূত্রে খবর, তদন্তের স্বার্থে প্রথমে আলিপুরের নিউ রোডের একটি আবাসনে অভিযান চালানো হয়। সেখানে অভিযুক্ত ব্যবসায়ীকে না পেয়ে তদন্তকারীরা যান আলিপুর অ্যাভিনিউয়ের আর একটি বাড়িতে। একই সঙ্গে কলকাতার আরও কয়েকটি জায়গাতেও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

এই মামলাটি নতুন নয়। হাজার কোটি টাকার এই ব্যাঙ্ক প্রতারণা নিয়ে আগেও তদন্তে নেমেছিল সিবিআইয়ের পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় সংস্থা। তদন্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালতে মামলা চলাকালীন পরে কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

অভিযোগ, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ছ’বছর ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে দফায় দফায় বিপুল অঙ্কের ঋণ তোলা হয়। প্রথমে প্রায় ৭৩০ কোটি টাকা এবং পরে আরও ২৬০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। সেই অর্থের অপব্যবহার করে মোট প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।

এই মামলায় দুই ব্যবসায়ী, দুইটি সংস্থা এবং অজ্ঞাতপরিচয় এক সরকারি কর্মচারীর নাম জড়িয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১২০(বি) ধারা ছাড়াও দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হয়েছে। সেই মামলারই সূত্র ধরে বৃহস্পতিবারের এই অভিযান বলে তদন্তকারী সংস্থার দাবি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন