নজরবন্দি ব্যুরো: গরু পাচারকাণ্ডের ‘লিঙ্কম্যান’ বিনয় মিশ্রের ফ্ল্যাটে তালা ঝোলালো সিবিআই। বৃহস্পতিবার দিনভর কলকাতার ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেইসঙ্গে এদিন বিনয় মিশ্রের তিন নম্বর ফ্ল্যাটেও যান সিবিআই আধিকারিকরা। কিন্তু দেখেন কৈখালি এলাকার এই ফ্ল্যাটটি তালাবন্ধ। এরপরই সেই ফ্ল্যাটটি সিল করে দেয় সিবিআই আধিকারিকরা। গতকাল সারাদিন ধরে যে তল্লাশি চালানো হয়েছে, তার একটি বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লির সদর দফতরে।
আরও পড়ুনঃ ছেলে মীরজাফর নয়, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে মুখোশ ছেড়ে মুখোমুখি শিশির।
সিবিআই সূত্রের খবর, কৈখালির যমুনা অ্যাপার্টমেন্টের ১০১ নম্বর ফ্ল্যাটটি যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র-এর। বছরের শেষ দিনই তাঁর দক্ষিণ কলকাতার ধর্মদাস রোডে এবং রাসবিহারি অ্যাভিনিউয়ে দুটি বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সাত ঘণ্টা ধরে চলে তল্লাশি। সেখান থেকে সিবিআই বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট ও বহু নথি উদ্ধার করেন। পরে সেগুলি সিবিআই-এর টেকনিক্যাল টিমের কাছে পাঠানো হয়েছে।
সিবিআই মনে করছে, এগুলি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। সিবিআই-এর ইঙ্গিত, এই নথি থেকে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সম্পর্কেও বেশ কিছু সূত্র মিলতে পারে। কারণ বিনয় ‘ফান্ড ম্যান’ হিসাবে কাজ করতেন। এবং লালা তাঁর হাত দিয়েই কোটি কোটি টাকা কাটমানি কলকাতায় পাঠাত। পাশাপাশি বিনয়ের দুটি বাড়ির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে।
কোনও প্রভাবশালী ব্যক্তির তাঁর বাড়িতে যাতায়াত ছিল না, তা জানতে মরিয়া গোয়েন্দারা। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৪ জানুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।



