নজরবন্দি ব্যুরো: গরু পাচার মামলায় বিনা কারণে গ্রেফতার কড়া হয়েছে অনুব্রত মণ্ডলকে, বীরভূমের সভা থেকে এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন তিনি।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৬ এপ্রিল, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

বঙ্গ সফরে এসে গত শুক্রবার বীরভূমের সিউড়িতে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার, নববর্ষের পরের দিনই পাল্টা সভার আয়োজন করে বাংলার শাসক দল তৃণমূল। কেষ্টর গড়ে সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ। গরু পাচার মামলা নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “আমাদের নেতাকে বিনা কারণে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “উত্তরপ্রদেশ থেকে গরু আসে যায় বাংলাদেশে। সীমান্তে দায়িত্বে থাকে কেন্দ্রীয় সরকারের বিএসএফ। এসবের মাঝে তৃণমূলকে জুড়লে হবে?” বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ফিরহাদের দাবি, গরুপাচারের টাকা উত্তরপ্রদেশ এবং স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে যায়।

ফিরহাদের মুখে গরু পাচার প্রসঙ্গ, অনুব্রতকে নিয়ে কি বললেন?
রাজনৈতিক মহলের মতে, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হলেও তৃণমূল তাঁর পাশে রয়েছে। বিভিন্ন সভায় দলীয় নেতৃত্ব তাঁর হয়ে সওয়াল করেছেন। বীরভূমের দাপুটে নেতার গ্রেফতারির পর খোদ মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এর আগেও ফিরহাদ হাকিমকে কেষ্টর হয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল।



