গত বছর এপ্রিল মাসে তিনি যখন ইস্টবেঙ্গলের কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন, তখন লাল-হলুদ সমর্থকদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না। কুয়াদ্রাতের কোচিংয়েই সুপার কাপ জেতে ইস্টবেঙ্গল। এরপর সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন তিনি। আর এবার আইএসএলে টানা তিন ম্যাচ হারের পর সমর্থকরাই মাঠে স্লোগান তুললেন ‘গো-ব্যাক কুয়াদ্রাত’। শেষমেশ কিছুটা চাপের মুখে ইস্টবেঙ্গলের কোচের পদ ছাড়লেন কুয়াদ্রাত।
ইস্টবেঙ্গলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “কোচ কার্লোস কুয়াদ্রাত পদত্যাগ করেছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে বিনো জর্জকে নিযুক্ত করা হল।” বিনো জর্জ কলকাতা লিগে ইস্টবেঙ্গল দলকে কোচিং করান। তার পরিচালনায় ঘরোয়া লিগে দুর্দান্ত সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল। একটি ম্যাচেও তাঁরা হারেনি। এবার আইএসএল-এর মত বড় টুর্নামেন্টে বিনো সাফল্য পান কিনা সেদিকেই নজর।


সূত্রের খবর, আগামী ডার্বির আগে নতুন কোচ খুঁজে নিতে পারে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নাম উঠে আসছে। তিনি এই মুহূর্তে ইন্টার কাশী দলের কোচ। ইন্টার কাশী যদিও হাবাসকে ছাড়তে চায় না। হাবাসও ইস্টবেঙ্গলে আসা নিয়ে কিছুটা সংকটে রয়েছেন। সব কিছু ঠিক থাকলে পুজোর পরেই ইস্টবেঙ্গলের নতুন নাম ঘোষণা হয়ে যাবে।







