সাতসকালে কলকাতার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা বলে অনুমান। রবিবার সকাল ৬ টা নাগাদ বিড়লা মন্দিরের কাছে দুর্ঘটনাটি (Car Accident in kolkata) ঘটে বলে জানা যায়। সেইসময় গাড়িতে ৪ জন যুবক ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।



আরও পড়ুন: তেলের দাম কমতে পারে ১০ টাকা পর্যন্ত, আলোচনা শুরু
জানা গিয়েছে, রবিবার ভোরে বালিগঞ্জ (Ballygunge) থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে গাড়িটি যাচ্ছিল। দুটি বিলাসবহুল গাড়িতে একদল বন্ধুদের গ্রুপ ফিরছিল। তার মধ্যেই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে দুটি গাড়িই দ্রুত গতিতে আসছিল। আচমকাই একটি গাড়ি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। গতি এতটাই জোরে ছিল যে দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়।



খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালিগঞ্জ থানার পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরা (CC Camera) ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও ভিতরে বসা চারজন যুবকের বড় কোনও ক্ষতি হয়নি। সামনের আসনের দুজন হালকা চোট পেয়েছেন। এরপর দুর্ঘটনাগ্রস্ত চারজন অন্য গাড়িতে করে ঘটনাস্থল থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
বেপরোয়া গতির জের, বছরের শেষ দিনেও ভয়াবহ দুর্ঘটনা শহরে

গাড়িতে যারা ছিলেন তাঁদের একজনের পরিবার থেকে পুলিশের সঙ্গে দেখা করেন। তিনি জানান, বিয়ে বাড়ি থেকে ফিরছিল দুটি গাড়ি। সেইসময়েই দুর্ঘটনা ঘটে। কারও ক্ষতি হয়নি। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা কি না জানার চেষ্টা করছে।








