চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারতের ক্রিকেট দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে শনিবার দুপুর ১২.৩০টায়। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছে। এক প্রেস কনফারেন্সে রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর দলের বিস্তারিত ঘোষণা করবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জসপ্রীত বুমরাহ ও যশস্বী জয়সওয়ালকে নিয়ে। অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়া বুমরাহ কতটা সুস্থ, তা নিয়ে প্রশ্ন থাকলেও বুমরাহ নিজে চোটের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, যশস্বীর দলে জায়গা হলেও, তাঁকে কোন পজিশনে খেলানো হবে তা নিশ্চিত নয়। কারণ, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল এবং শ্রেয়স আয়ার প্রথম পাঁচে জায়গা পাকা।


সম্ভাবনা রয়েছে, যশস্বীকে ইংল্যান্ড সিরিজে খেলিয়ে রাহুলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংরক্ষণ করা হবে।
রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করবেন, এটি নিশ্চিত। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে রোহিতকে ফ্লিক, ড্রাইভ, এবং পুল শট অনুশীলন করতে দেখা গিয়েছে। মুম্বইয়ের একটি মাঠে দৌড়ানোর ভিডিয়োও ভাইরাল হয়, যা তাঁর ফিটনেস এবং প্রস্তুতির প্রমাণ দেয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ বি-তে। একই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউ জিল্যান্ড, এবং বাংলাদেশ। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে রোহিতের দল।


চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের দলও ঘোষণা করা হবে। দু’টি দলেই কিছু অভিন্ন মুখ থাকবে, তবে নির্বাচকদের রোটেশন পলিসি কীভাবে প্রয়োগ হবে তা দেখার বিষয়।








