ভোটাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের সর্বোচ্চ আদালত Supreme Court of India। আদালত স্পষ্ট জানিয়ে দিল—ভোট দেওয়ার অধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কোনওটাই মৌলিক অধিকার নয়; এগুলি সম্পূর্ণরূপে বিধিবদ্ধ অধিকার, যা আইনের নির্ধারিত সীমার মধ্যেই প্রযোজ্য।
রাজস্থানের একটি সমবায় নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দেন বিচারপতি বিভি নাগরত্ন ও আর মহাদেবন-এর বেঞ্চ। তাঁদের বক্তব্য, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার—দুটি পৃথক হলেও কোনওটিই সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার নয়।
আদালত জানায়, এই অধিকারগুলি আইনের মাধ্যমে নির্ধারিত এবং সেই আইনি কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত ও বিধান মেনে তবেই এই অধিকার প্রয়োগ করা যায়।
বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, “ভোটাধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার—কোনওটাই নিরঙ্কুশ নয়। এগুলি আগে থেকেই প্রতিষ্ঠিত বিধিবদ্ধ অধিকার, এবং আইনের সীমার মধ্যেই আবদ্ধ।”
এই রায় নতুন নয়, বরং দীর্ঘদিনের আইনি অবস্থানকেই পুনরায় স্পষ্ট করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নির্বাচনের আবহে এই মন্তব্য রাজনৈতিক ও সাংবিধানিক আলোচনায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।



