‘রিপোর্ট নয়, কাজ চাই’— বেআইনি নির্মাণ ইস্যুতে ক্ষুব্ধ হাই কোর্ট, কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি

পূর্ব কলকাতার জলাভূমি দখল করে বেআইনি নির্মাণ নিয়ে ক্ষোভ হাই কোর্টের। নির্দেশ কার্যকর না হলে কেন্দ্রীয় বাহিনী নামানোর ইঙ্গিত বিচারপতি অমৃতা সিংহের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পূর্ব কলকাতার জলাভূমি দখল করে বেআইনি নির্মাণ ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্য সরকার ও কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিংহ। এমনকি প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কথাও স্পষ্টভাবে জানাল আদালত, যা প্রশাসনিক মহলে বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

পূর্ব কলকাতায় জলাভূমি ভরাট করে ৫০০-রও বেশি বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়। দীর্ঘদিন ধরে এই মামলার শুনানিতে আদালত বারবার নির্দেশ দেয়, পুলিশের সহযোগিতা নিয়ে অবৈধ নির্মাণ ভাঙার ব্যবস্থা করতে হবে কলকাতা পুরসভাকে।

কিন্তু অভিযোগ, বাস্তবে সেই নির্দেশ কার্যকর হয়নি। সোমবারের শুনানিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের জমা দেওয়া রিপোর্ট পর্যালোচনা করে বিচারপতি সিংহ অসন্তোষ প্রকাশ করেন। তাঁর স্পষ্ট মন্তব্য, “একটার পর একটা রিপোর্ট জমা পড়ছে, কিন্তু মাটিতে কোনও কাজ দেখা যাচ্ছে না। আমি আর রিপোর্ট চাই না, চাই আদালতের নির্দেশের বাস্তবায়ন।”

আদালতে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ জানায়, অবৈধ নির্মাণ ভাঙার আগে সংশ্লিষ্ট জায়গাগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রয়োজন। তবে চৌবাগা-সহ কয়েকটি এলাকায় সেই কাজ করতে গিয়ে স্থানীয় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে আধিকারিকদের, যার ফলে অভিযান এগোয়নি।

এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। বিচারপতি সিংহ জানান, একাধিক নির্দেশ সত্ত্বেও যদি রাজ্য প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও বেআইনি নির্মাণ ভাঙা হবে বলে কড়া বার্তা দেন তিনি।

এর পরই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পক্ষভুক্ত করার নির্দেশ দেয় হাই কোর্ট। আগামী ১৬ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত