নজরবন্দি ব্যুরো: ৮২২ বাহিনী কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট হবে, সোমবার একথাই হাইকোর্টে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু এরপরও জট কাটেনি। কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রতি বুথে সশস্ত্র বাহিনী থাকবে। এদিকে আবার তারা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের মধ্যে ফারাক করেনি, দুজনকেই সশস্ত্র বাহিনী হিসেবে ধরেছে। তাহলে কাকে কোথায় মোতায়েন করা হচ্ছে? বুথে কি কেন্দ্রীয় বাহিনী থাকছে? এমন নানা প্রশ্ন উঠছিল। অবশেষে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জট ছাড়াল।
আরও পড়ুন: ‘বাংলায় ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়’, পঞ্চায়েতের হিংসাকাণ্ডে ব্যাখ্যা ডিজির
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট নির্দেশ দেয়, “পঞ্চায়েত ভোটে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ৬৫ হাজার অ্যাক্টিভ ফোর্স। রাজ্যের সশস্ত্র পুলিশের সংখ্যা ৭০ হাজার। দুই বাহিনীকেই ৫০:৫০ অনুপাতে ব্যবহার করতে হবে। প্রতি বুথে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে, রাজ্য পুলিশ থাকবে সমান সংখ্যক।” প্রধান বিচারপতি আর বলেন, “৮০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সকলে সশস্ত্র পুলিশ নন। প্রতি কোম্পানিতে রান্নার লোক, গাড়ি চালক মিলিয়ে ১৫ জন থাকেন। এই হিসেবে একটি কোম্পানিতে ৬৫ জনের অ্যাক্টিভ ফোর্স থাকবে।”

আদালত নির্দেশ দেয়, বিএসএফের আইজি পদমর্যাদার অফিসার ফোর্স কো-অর্ডিনেটর হিসেবে কাজ করবে। তিনিই সিদ্ধান্ত নেবেন কোথায় কত ফোর্স পাঠাতে হবে। এরফলে বাহিনী মোতায়েন এবার আর রাজ্য নির্বাচন কমিশনের একার সিদ্ধান্ত নয়। পাশাপাশি, কেবল ভোটের দিন নয়, পুরো নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ ফল ঘোষণা পর্যন্ত বাহিনী মোতায়েন রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেন। কমিশনের তরফে প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেওয়া হয়। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ ছিল ২০২৩ সালে অন্তত ৮২ হাজার জওয়ান মোতায়েন করতে হবে। আদালতের নির্দেশকে মান্যতা দিয়েই আরও ৮০০ কোম্পানি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি দিয়ে প্রথমে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানানো হয়। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কবে পাঠানো হবে তা নিয়ে কোনও জবাব মেলেনি। তবে সোমবার রাজ্য নির্বাচন কমিশন আদালতে জানায় স্বরাষ্ট্রমন্ত্রক বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাবে।
৫০:৫০ অনুপাতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার, কমিশনের কাছে স্পষ্ট করল হাইকোর্ট




