স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করতে নির্দেশ দিলেন কলকাতার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিত বসু। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রীকে বেনিয়মে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে SSC কর্তার বিরুদ্ধে। সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি রাজ্যকে বলেন,” অবিলম্বে শেখ সিরাজউদ্দিনকে হেফাজতে নিন। তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। অবিলম্বে পদক্ষেপ করুন।”

আরও পড়ুন : মন্দিরে প্রবেশে বাধা রাহুলকে, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেস নেতার
পাশাপাশি এই মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকেও আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে। মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে এই নির্দেশ দেন বিচারপতি। অভিযোগ ছিল, ২০১১ সালে পরীক্ষা দেন সিরাজের স্ত্রী জাসমিন খাতুন। ২০১৫ সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, ২০১৯ সালে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি বাগিয়েছেন জাসমিন।

SSC কর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
খোদ শিক্ষাকর্তা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেই নিজের স্ত্রীকে চাকরি দিয়েছেন। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার চার বছর পর কীভাবে চাকরিতে নিয়োগ? সে বিষয়ে প্রশ্ন ওঠে। জাসমিন খাতুন অবশ্য এবিষয়ে বলেন,”২০১৯ সালেই চাকরিতে জয়েন করেছি। আমি এর বিষয়ে আর বিশেষ কিছু বলতে চাই না।” স্বামীর প্রভাবের ব্যাপারেও সেসময়ে তিনি কিছু বলতে চাননি।




