রাজ্যের OBC নীতিতে অন্তর্বর্তী স্বস্তি নয়, তালিকা থেকে বাদ ৭৪টি জনগোষ্ঠী, জানিয়ে দিল আদালত

রাজ্যের নতুন OBC সংরক্ষণ নীতিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করল কলকাতা হাই কোর্ট। আপাতত ৭৪টি জনগোষ্ঠী তালিকার বাইরে থাকবে, ৬ সপ্তাহ পর পরবর্তী শুনানি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) সংক্রান্ত নতুন নীতিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল । চলতি বছরের ১৮ মে প্রকাশিত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে আদালত। ফলে আপাতত রাজ্যের নতুন OBC নীতিই কার্যকর থাকবে এবং সংশোধিত তালিকা অনুযায়ী ৭৪টি জনগোষ্ঠী OBC তালিকার বাইরে থাকবে।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, বর্তমান রাজ্য সরকারের সিদ্ধান্তে এই পর্যায়ে আদালতের হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হয়নি। আদালতের মতে, সরকার পূর্ববর্তী আইনি অবস্থান অনুসরণ করেই নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে।

শুনানিতে আদালতের সামনে জানানো হয়, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দায়ের করা সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করেছে। ফলে বর্তমানে হাই কোর্টের আগের রায়ের উপর সুপ্রিম কোর্টের কোনও স্থগিতাদেশ কার্যকর নেই। সেই কারণেই নতুন সরকার হাই কোর্টের পূর্ববর্তী রায়ের ভিত্তিতে সংশোধিত OBC তালিকা কার্যকর করেছে।

ডিভিশন বেঞ্চ আরও স্পষ্ট করে জানিয়েছে, ৭৪টি জনগোষ্ঠীকে বর্তমান OBC তালিকা থেকে বাদ দেওয়া হলেও, এর অর্থ এই নয় যে ভবিষ্যতে তারা আর কখনও OBC মর্যাদা পেতে পারবে না। প্রয়োজনীয় আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে ভবিষ্যতে পুনর্বিবেচনার সুযোগ থাকছে বলেও আদালতের পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছে।

মামলাকারী পক্ষের আইনজীবী কিশোর দত্ত আদালতে দাবি করেন, এই ৭৪টি জনগোষ্ঠী তালিকা থেকে বাদ পড়ায় সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের সুযোগ থেকে বহু মানুষ বঞ্চিত হতে পারেন। সেই কারণে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়ার আবেদন জানানো হয়। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি।

ডিভিশন বেঞ্চ সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ছয় সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত জানিয়েছে। অর্থাৎ, মূল মামলার নিষ্পত্তি এখনও বাকি থাকলেও আপাতত রাজ্যের বর্তমান OBC নীতিতেই কোনও পরিবর্তন হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার সরকারি চাকরিতে ৭ শতাংশ OBC সংরক্ষণ কার্যকর করে বিজ্ঞপ্তি জারি করে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন ১০০ পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়। নতুন রোস্টারে গ্রুপ ‘C’ ও ‘D’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য পৃথক সংরক্ষণ, প্রতিবন্ধী (PWD) প্রার্থীদের জন্য চারটি নির্দিষ্ট রোস্টার পয়েন্ট এবং OBC-র জন্য ৭ শতাংশ সংরক্ষণের বিধান রাখা হয়েছে। পাশাপাশি উপযুক্ত Exempted Category প্রার্থী না পাওয়া গেলে সাধারণ নিয়মে নিয়োগের ব্যবস্থাও রাখা হয়েছে।

রাজ্য সরকারের এই নীতির উপর আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ না থাকায়, আপাতত সংশোধিত OBC তালিকা এবং নতুন নিয়োগ নীতিই বহাল থাকবে। তবে মামলার চূড়ান্ত রায়ের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট জনগোষ্ঠী, চাকরিপ্রার্থী এবং প্রশাসনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন